[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

তৃণমূলের খেলাধুলা বিকাশে সরকারের নতুন পরিকল্পনার কথা জানালেন ক্রীড়া প্রতিম

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪ মে ২০২৬ ১০:০৬ পিএম

হাজারো দর্শকের উচ্ছ্বাস আর উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহের গফরগাঁওয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃণমূল পর্যায়ের খেলাধুলার উন্নয়ন, নতুন প্রতিভা তৈরি এবং মাঠ অবকাঠামো সম্প্রসারণে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

বৃহস্পতিবার (১৪ মে) কান্দিরপাড়া আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ-১০ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য জাকির হোসেন বাবুল এবং সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

ফাইনাল খেলাকে ঘিরে সকাল থেকেই এলাকায় উৎসবের আমেজ বিরাজ করে। বিভিন্ন এলাকা থেকে আসা দর্শকে মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। খেলাপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক বলেন, দেশের ফুটবলকে আন্তর্জাতিক মানে এগিয়ে নিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড চালুর পাশাপাশি প্রতিভাবান খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণ, পুষ্টি সহায়তা ও শিক্ষার সুযোগ নিশ্চিত করা হচ্ছে।

তিনি জানান, সরকারের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলার তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা হবে। শুধু খেলাধুলা নয়, তাদের পড়াশোনা ও সার্বিক বিকাশের দায়িত্বও সরকার গ্রহণ করবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখা সম্ভব। এ কারণে দেশের প্রতিটি ইউনিয়ন ও উপজেলায় খেলার মাঠ নির্মাণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে মাঠ নেই, সেখানে নতুন মাঠ তৈরির কাজও চলমান রয়েছে।

 

তিনি বলেন, “তরুণদের মাঠমুখী করতে পারলে দেশ আরও এগিয়ে যাবে। খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেম গঠনের অন্যতম মাধ্যম।”

বক্তৃতা শেষে প্রতিমন্ত্রী টুর্নামেন্টের বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। এ সময় খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা যায়।

এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদের পাড়ে প্রস্তাবিত স্টেডিয়ামের স্থান পরিদর্শন করেন। পাশাপাশি গফরগাঁও উপজেলা মিনি স্টেডিয়ামের বিভিন্ন অবকাঠামোগত দিক ঘুরে দেখেন এবং উন্নয়ন কার্যক্রম নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

 

এসআর

সম্পর্কিত খবর