[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

পর্যাপ্ত নিরাপত্তা আশ্বাস না থাকায় বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৯:২৮ পিএম

সংগৃহীত ছবি

নিরাপত্তা নিয়ে স্পষ্ট নিশ্চয়তা না পাওয়ায় ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ দল—এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

টাইগাররা পাকিস্তানের মতো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় গিয়ে বিশ্বকাপ খেলতে আগ্রহী থাকলেও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সে সুযোগ দেয়নি।


রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ বলেন, নিরাপত্তা সংশ্লিষ্ট নানা অনিশ্চয়তার কারণেই বাংলাদেশ দলের বিশ্বকাপে যাওয়া সম্ভব হয়নি। তার ভাষায়, আইসিসির পক্ষ থেকে প্রচলিত মানের বাইরে কোনো অতিরিক্ত বা নতুন নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করা হয়নি, যা বাংলাদেশ দলের জন্য গ্রহণযোগ্য হতে পারত।


তিনি আরও বলেন, বিদেশ সফরের ক্ষেত্রে সরকারের অনুমোদন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার থেকে সবুজ সংকেত না পেলে কোনো দলই অংশ নিতে পারে না। এক্ষেত্রে এটি সরকারের সিদ্ধান্ত ছিল, যা ক্রিকেট বোর্ড সমর্থন করেছে। পাশাপাশি পাকিস্তান বাংলাদেশের অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।


বিশ্বকাপে অংশ না নেওয়া প্রসঙ্গে ফারুক আহমেদ বলেন, একজন সাবেক খেলোয়াড় হিসেবে বিষয়টি তার কাছে আনন্দের নয়। তবে খেলোয়াড়, কর্মকর্তা, সাংবাদিক কিংবা সমর্থকদের নিরাপত্তা নিয়ে সামান্য ঝুঁকিও নেওয়া যায় না। সম্ভাব্য ঝুঁকির কথা বিবেচনা করেই একাধিকবার আইসিসির কাছে ব্যাখ্যা ও কার্যকর নিরাপত্তা পরিকল্পনা চাওয়া হয়েছিল, কিন্তু সুনির্দিষ্ট কোনো সমাধান পাওয়া যায়নি।


তিনি আরও জানান, পরবর্তীতে অনেক সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার ও ধারাভাষ্যকারও মত দিয়েছেন—বাংলাদেশকে বিশ্বকাপের বাইরে রাখা ন্যায্য হয়নি।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর