[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

ফাহিম আশরাফের ঝড়ো ক্যামিওতে অঘটন এড়াল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২৬ ৮:৩৩ এএম

সংগৃহীত ছবি

কলম্বোয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে বড় বিপর্যয়ের মুখে পড়েছিল পাকিস্তান।

শেষ দিকে সমীকরণ জটিল হয়ে উঠলেও ফাহিম আশরাফের বিধ্বংসী ব্যাটিংয়ে শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ উইকেটের জয় তুলে নেয় সালমান আলী আগার নেতৃত্বাধীন দল।
সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে পড়ে। ওপেনার সাহিবজাদা ফারহান ৪৭ রান করে ভালো শুরু এনে দিলেও অন্য প্রান্তে ব্যাটাররা দায়িত্ব নিতে ব্যর্থ হন। বাবর আজম ১৮ বলে করেন ১৫ রান, অধিনায়ক সালমান আগা থামেন ১২ রানে।


শেষ দিকে ম্যাচ যখন হাতছাড়া হওয়ার পথে, তখন দৃশ্যপটে আবির্ভাব ফাহিম আশরাফের। মাত্র ১১ বল মোকাবিলা করে অপরাজিত ২৯ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শাহিন শাহ আফ্রিদি অপর প্রান্তে ৫ রানে অপরাজিত থেকে তাকে দারুণভাবে সহায়তা করেন।


ফাহিমের ইনিংসে ছিল ২টি চার ও ৩টি ছক্কা। প্রায় ২০ মিনিট ক্রিজে থেকে ২৬০-এর বেশি স্ট্রাইকরেটে খেলে ম্যাচের গতিপথ বদলে দেন তিনি। বিশেষ করে ১৯তম ওভারে ডাচ বোলার লোগান ভ্যান বিকের বিপক্ষে ২৪ রান তুলে কার্যত জয়ের পথ নিশ্চিত করেন ফাহিম। ওই ওভারে তিনটি ছক্কার পাশাপাশি একটি চার ও একটি ডাবলস আদায় করেন তিনি।


এই অসাধারণ পারফরম্যান্সের সুবাদে ম্যাচসেরার পুরস্কারও জিতে নেন ফাহিম আশরাফ।
এই ম্যাচে হারলে পাকিস্তানের জন্য পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারত। কারণ গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের কারণে বিদায়ের শঙ্কাও তৈরি হয়েছিল সাবেক চ্যাম্পিয়নদের জন্য। তবে ফাহিম আশরাফের ব্যাটে ভর করেই সেই আশঙ্কা কাটিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করল পাকিস্তান।

পাকিস্তানের পক্ষে এদিন সর্বোচ্চ ৪৭ রান আসে সাহিবজাদা ফারহানের ব্যাট থেকে। ৩১ বলে চারটি চার ও দুটি ছক্কায় ইনিংসটি সাজান তিনি। অপর ওপেনার সাইম আইয়ুব করেন ২৪ রান। ভালো শুরুর পরও মাঝের সারির ব্যর্থতায় চাপ বাড়লেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে পাকিস্তান।

এসআর

সম্পর্কিত খবর