[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

আন্তর্জাতিক মূল্যায়নে তলানিতে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ

মোঃ আলী আকবর রনী

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৬ ৭:৫২ এএম

সংগৃহীত ছবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে আবারও নেতিবাচক চিত্র উঠে এসেছে আন্তর্জাতিক পরিমণ্ডলে।

আইসিসি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টগুলোর সাম্প্রতিক এক তুলনামূলক মূল্যায়নে বিপিএলকে সবচেয়ে দুর্বল লিগ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ব্রিটিশ ক্রিকেট সাময়িকী দ্য ক্রিকেটার প্রকাশিত এই মূল্যায়নে বিশ্বের মোট ১০টি স্বীকৃত ফ্র্যাঞ্চাইজি লিগকে চারটি মানদণ্ডে বিশ্লেষণ করা হয়। বিনোদনমূল্য, খেলার মান, সামগ্রিক গ্রহণযোগ্যতা এবং টুর্নামেন্টের মান—এই সূচকগুলোর ভিত্তিতেই র‍্যাংকিং নির্ধারণ করা হয়েছে।

প্রতিবেদনে দেখা যায়, এই চারটির মধ্যে তিনটি সূচকে বিপিএল সবচেয়ে কম স্কোর অর্জন করেছে। কেবল গ্রহণযোগ্যতা বা স্থায়িত্বের একটি মানদণ্ডে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি–২০ সবার নিচে থাকলেও, সেখানে বিপিএলের অবস্থান নবম।

এক সময় ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে যাত্রা শুরু করলেও, সময়ের সঙ্গে সঙ্গে বিপিএলের মান ও জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। অব্যবস্থাপনা, আর্থিক অনিশ্চয়তা এবং প্রশাসনিক দুর্বলতার কারণে টুর্নামেন্টটির সুনাম আন্তর্জাতিক অঙ্গনেও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।

দ্য ক্রিকেটার-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের কারণে শ্রীলঙ্কার লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং বিপিএল—এই দুই টুর্নামেন্টই র‍্যাংকিংয়ের নিচের দিকে অবস্থান করছে। এসব সমস্যার ফলে লিগগুলোর বিশ্বাসযোগ্যতা ও প্রতিযোগিতামূলক মান ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও ইঙ্গিত দেওয়া হয়।

এক সময় দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় ফ্র্যাঞ্চাইজি লিগ হিসেবে বিবেচিত বিপিএলকে ঘিরে এই আন্তর্জাতিক মূল্যায়ন দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটির ভবিষ্যৎ ও ব্যবস্থাপনা নিয়ে নতুন করে প্রশ্ন তৈরি করেছে।

এসআর

সম্পর্কিত খবর