[email protected] বুধবার, ৪ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

বিশ্বকাপের আগে বড় স্বীকৃতি, উইজডেনের বর্ষসেরা দলে মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬ ৮:২৫ পিএম

সংগৃহীত ছবি

আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে দারুণ এক স্বীকৃতি পেলেন বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমান।

জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে গত এক বছরে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবে উইজডেনের বর্ষসেরা টি–টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।


বিশ্বখ্যাত ক্রিকেটভিত্তিক মাধ্যম উইজডেন তাদের সম্পাদকীয় বোর্ডের মূল্যায়নের ভিত্তিতে এই একাদশ প্রকাশ করেছে। নির্বাচনের ক্ষেত্রে আন্তর্জাতিক ও স্বীকৃত ঘরোয়া টি–টোয়েন্টি ম্যাচে খেলোয়াড়দের সামগ্রিক পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে।


উইজডেন জানিয়েছে, ২০২৬ টি–টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত বছরের শেষ দিকে আন্তর্জাতিক টি–টোয়েন্টি ম্যাচের সংখ্যা বেড়ে যায়। পাশাপাশি বছরজুড়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগ চলায় খেলোয়াড়দের পারফরম্যান্স বিশ্লেষণের পরই বর্ষসেরা একাদশ নির্বাচন করা হয়েছে।


২০২৫ সালে কমপক্ষে ১৫০ ওভার বল করা বোলারদের মধ্যে সবচেয়ে কম গড় ছিল মোস্তাফিজের—মাত্র ১৮.০৩। কোনো পেসারই ওই সময়ে তার মতো নিয়ন্ত্রিত বোলিং করতে পারেননি। স্ট্রাইক রেটের দিক থেকে ক্যারিবিয়ান অলরাউন্ডার জেসন হোল্ডার সামান্য এগিয়ে থাকলেও, রান আটকানো ও নিয়মিত উইকেট নেওয়ার ক্ষেত্রে মোস্তাফিজ ছিলেন অনন্য।


স্বীকৃত টি–টোয়েন্টি ক্রিকেটে ২০২৫ সালে মোস্তাফিজ খেলেছেন ৪৩ ইনিংস, যেখানে শিকার করেছেন ৫৯ উইকেট। তার ইকোনমি রেট ছিল মাত্র ৬.৭৮, স্ট্রাইক রেট ১৫.৯। বছরজুড়ে তিনি বল করেছেন ১৫৬.৫ ওভার, সেরা বোলিং ছিল ৩ উইকেট ১১ রান।
তুলনায় জেসন হোল্ডার পুরো বছরে ২৫০.২ ওভার বল করে নিয়েছেন ৯৭ উইকেট। তার স্ট্রাইক রেট ১৫.৪ হলেও গড় ছিল তুলনামূলক বেশি—২১.৪২।


উইজডেনের বর্ষসেরা টি–টোয়েন্টি একাদশ গঠিত হয়েছে ভারসাম্য রেখে। দলে রাখা হয়েছে দুইজন করে বিশেষজ্ঞ স্পিনার, পেসার ও পেস-বোলিং অলরাউন্ডার। স্পিন বিভাগে জায়গা পেয়েছেন ভারতের বরুণ চক্রবর্তী ও ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন।
পেস আক্রমণে মোস্তাফিজের সঙ্গী হয়েছেন নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি। আর পেস অলরাউন্ডার হিসেবে নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের স্যাম কারেন ও ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।


উইজডেনের বর্ষসেরা (২০২৫) টি–টোয়েন্টি একাদশ
অভিষেক শর্মা, ফিল সল্ট, ডেওয়াল্ড ব্রেভিস, স্যাম কারেন, ডনোভান ফেরেইরা, টিম ডেভিড, সুনীল নারিন, জেসন হোল্ডার, জ্যাকব ডাফি, মোস্তাফিজুর রহমান ও বরুণ চক্রবর্তী।

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর