[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

সৌদিতে পৌঁছেছেন অর্ধলাখের বেশি বাংলাদেশি হজযাত্রী

প্রতিদিনের বাংলা ডেস্ক

প্রকাশিত: ১০ মে ২০২৬ ৮:৫২ এএম

সংগৃহীত ছবি

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে চলতি বছর সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীদের যাত্রা অব্যাহত রয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৯ মে পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৫০ হাজার ৪৯২ জন হজযাত্রী।

এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৬ হাজার ৪২১ জন।

আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা চাঁদ দেখার ওপর নির্ভরশীল। গত ১৮ এপ্রিল থেকে শুরু হওয়া হজ ফ্লাইট কার্যক্রমে এখন পর্যন্ত ১২৯টি ফ্লাইট পরিচালিত হয়েছে।

ফ্লাইট পরিচালনায় রয়েছে তিনটি এয়ারলাইন্স। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৫৯টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৪৮টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ২২টি ফ্লাইট।

এ পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরবে পৌঁছেছেন ২৩ হাজার ৫৯১ জন হজযাত্রী। সৌদি এয়ারলাইন্সে গেছেন ১৮ হাজার ৪২ জন এবং ফ্লাইনাসে পৌঁছেছেন ৮ হাজার ৮৫৯ জন।

সৌদি আরবে অবস্থানরত হজযাত্রীদের স্বাস্থ্যসেবায় নিয়োজিত চিকিৎসা কেন্দ্রগুলো এখন পর্যন্ত ২১ হাজার ১৪টি ডিজিটাল ব্যবস্থাপত্র প্রদান করেছে। এছাড়া আইটি হেল্পডেস্ক থেকে ১৩ হাজার ৭৮০টি সেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

চলতি মৌসুমে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত ১২ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে ১০ জন পুরুষ ও ২ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১০ জন এবং মদিনায় দুজন। সর্বশেষ মারা যাওয়া হজযাত্রী যশোরের মো. আব্দুল মতিন (৫৩)।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ২১ মে সৌদি আরবের উদ্দেশ্যে শেষ হজ ফ্লাইট পরিচালিত হবে।

অন্যদিকে, হজ শেষে দেশে ফেরার প্রথম ফ্লাইট শুরু হবে ৩০ মে এবং শেষ ফিরতি ফ্লাইট নির্ধারণ করা হয়েছে ৩০ জুন।

এসআর

সম্পর্কিত খবর