[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

হজযাত্রীদের টিকাদান: সারাদেশে ৮০টি কেন্দ্র নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৬ ৯:২৪ এএম

সংগৃহীত ছবি

২০২৬ সালের হজযাত্রীদের জন্য টিকাদান কার্যক্রম পরিচালনায় সারাদেশে মোট ৮০টি কেন্দ্র নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

এসব কেন্দ্র থেকে হজে গমনেচ্ছুদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা প্রদান করা হবে।

শনিবার (১৭ জানুয়ারি) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখা থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে টিকাদান কেন্দ্রগুলোর তালিকা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ৬৪টি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে হজযাত্রীরা টিকা গ্রহণ করতে পারবেন।

এর পাশাপাশি রাজধানী ঢাকায় অবস্থিত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, সরকারি কর্মচারী হাসপাতাল, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এবং বাংলাদেশ সচিবালয় ক্লিনিকেও টিকাদানের ব্যবস্থা রাখা হয়েছে।


ঢাকার বাইরে গাজীপুরের শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল ছাড়াও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, বগুড়ার ২৫০ শয্যাবিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এবং দিনাজপুরের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতাল থেকেও হজযাত্রীরা টিকা নিতে পারবেন।


বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টিকা প্রদানের নির্দিষ্ট তারিখ ও সময় হজযাত্রীদের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। টিকা গ্রহণের সময় স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে প্রিন্ট করা ই-হেলথ ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে।


হজ সংক্রান্ত যেকোনো তথ্য বা সহায়তার জন্য ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা বিভাগ থেকে ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর