[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

গৎবাঁধা রাজনীতি দিয়ে চলবে না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ৫:৪৫ এএম

সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজনীতিতেও ভিশন ও দূরদৃষ্টি থাকা জরুরি।

গৎবাঁধা রাজনীতির মাধ্যমে আর এগোনো সম্ভব নয়।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ‘জিয়া সুইং মিন কার্নিভাল’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, “জনগণ বিএনপিকে একটি আদর্শিক দল হিসেবেই দেখতে চায়। রাজনৈতিক ধ্যান-ধারণায় যে পরিবর্তন এসেছে, সেটি আমাদের গ্রহণ করতে হবে। নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য নতুন নতুন ধারণা দিতে হবে।”

তিনি আরও বলেন, দেশের মানুষের মনোজগতে বড় ধরনের পরিবর্তন ঘটছে, যা উপলব্ধি ও গ্রহণ না করলে ভবিষ্যতের রাজনীতি টিকবে না। রাজনীতির পাশাপাশি খেলাধুলা ও অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে, যেন প্রত্যেকে অংশগ্রহণের সুযোগ পায় এবং উন্নয়ন-অর্থনৈতিক সুফল ভোগ করতে পারে।

বিএনপির এই নেতা জানান, তারেক রহমান খেলাধুলার উন্নয়নে বিশেষ পরিকল্পনা নিয়েছেন। ইতোমধ্যে সুইমিং, ক্রিকেট ও ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন আয়োজন শুরু হয়েছে।

আগামী দিনে দেশের প্রতিটি অঞ্চলে স্পোর্টস সেন্টার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে, যেখানে প্রত্যেকে নিজের আগ্রহ ও যোগ্যতা অনুযায়ী অংশ নিতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি বিশ্বে প্রতিষ্ঠিত হবে। এজন্য সবার সহযোগিতা অপরিহার্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির ক্রীড়া সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোস্তফা জামান। 

এসআর

সম্পর্কিত খবর