[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলেই প্রত্যাশা : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ আগষ্ট ২০২৫ ৫:০১ পিএম

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, "আপনি লন্ডনে গিয়ে তারেক রহমান ও দেশবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। আমরা আশা করি, আপনি কথা রাখবেন।"

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর উত্তরার মুগ্ধ মঞ্চে ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে’ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, “এই দেশের মানুষ বহু বছর ধরে নিজেদের ভোটাধিকার ফিরে পাওয়ার স্বপ্ন দেখে আসছে। জুলাই-আগস্টের আন্দোলনে অসংখ্য তরুণ প্রাণ হারিয়েছে। শহীদ জাফরুলের মায়ের কান্না দেখে নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি।”

আওয়ামী লীগকে অভিযুক্ত করে তিনি বলেন, “তাদের আমলে রাতে ভোট হয়েছে, তরুণদের স্বপ্ন চুরমার করা হয়েছে। এখন বিএনপির লক্ষ্য, জনগণের ভোটাধিকার নিশ্চিত করে নতুন বাংলাদেশ গঠন।”

তিনি আরও বলেন, “পলাতক হাসিনার আমলের মতো আর ভোট চুরি হবে না। যেসব অপকর্ম হয়েছে, সেগুলোর বিচার হবে। শহীদদের দাফন ও জানাজায় বাধাদানকারীদেরও ছাড় দেওয়া হবে না।”

এ সময় তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন এবং জনগণের কল্যাণে নেতৃত্ব দেবেন।

অনুষ্ঠানে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান বলেন, “আমার ছেলেকে উত্তরার আজমপুরে পুলিশ ও আওয়ামী লীগের সহযোগীরা গুলি করে হত্যা করেছিল। পরে লাশ দাফনে বাধা দেওয়া হয়।”

সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান। 

এসআর

সম্পর্কিত খবর