[email protected] মঙ্গলবার, ২ জুন ২০২৬
১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

ফের রিমান্ডে সাবেক মন্ত্রী ও উপদেষ্টাসহ পাঁচজন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৩ জুন ২০২৫ ৬:৩৯ এএম

সংগৃহীত ছবি

শেখ হাসিনা সরকারের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হক এবং রিয়ার অ্যাডমিরাল (অব.) মোহাম্মদ সোহায়েলকে পৃথক মামলায় রিমান্ডে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

সোমবার (২৩ জুন) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এ আদেশ দেন।

এর আগে যাত্রাবাড়ী থানায় দায়ের করা সাযেদুর রহমান হত্যা মামলায় গ্রেফতার তিনজন—আনিসুল হক, সালমান এফ রহমান ও শাজাহান খানকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ড বাতিলের আবেদন করা হলেও শুনানি শেষে আদালত প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানার বদরুল ইসলাম সাইমুন হত্যা মামলায় গ্রেফতার মোহাম্মদ সোহায়েলকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। শুনানি শেষে বিচারক তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, যাত্রাবাড়ী থানায় করা রিটন উদ্দিন হত্যা মামলায় গ্রেফতার সাবেক সংসদ সদস্য কাজী মনিরুল হককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হলে আদালত শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে, সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন (অব.) এ বি এম তাজুল ইসলাম ও সাবেক সংসদ সদস্য আ ক ম সারোয়ার জাহান বাদশাকে পৃথক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ৫ আগস্ট জনরোষে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেফতার হন আনিসুল হক ও সালমান এফ রহমান। এরপর থেকে এ পর্যন্ত সালমান এফ রহমানের বিরুদ্ধে দায়ের করা ১২ মামলায় মোট ৬৩ দিনের এবং আনিসুল হকের বিরুদ্ধে বিভিন্ন মামলায় ৫৮ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে। 

এসআর

সম্পর্কিত খবর