[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৫ বৈশাখ ১৪৩৩

চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ করলেন সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ জুন ২০২৫ ৫:৪৪ এএম

সংগৃহীত ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে গুমের অভিযোগ দাখিল করেছেন।

মঙ্গলবার (৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলামের কাছে লিখিতভাবে এই অভিযোগ জমা দেন।

অভিযোগ দাখিলের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সালাহউদ্দিন আহমদ জানান, গুম ও রাজনৈতিক হত্যাকাণ্ডের বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হবে। তবে এ বিষয়ে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ না থাকায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “আমি দাবি করছি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গুম ও খুনের সঙ্গে জড়িত সকল ব্যক্তির বিচার নিশ্চিত করতে হবে।” একইসঙ্গে তিনি এসব ঘটনায় যারা ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছেন, তাদের শাস্তি নিশ্চিত করা এবং যারা পলাতক আছেন, তাদের খুঁজে বের করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানসহ গুমের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার দাবিও জানান তিনি। সালাহউদ্দিন বলেন, “এই সরকারের দায়িত্ব—সব দায়ীদের বিচারের আওতায় আনা এবং দেশ থেকে চিরতরে গুম-খুনের সংস্কৃতি বন্ধ করা।”

নিজের গুম হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমি আগেই ট্রাইব্যুনালের সঙ্গে যোগাযোগ করে এখানে এসেছি। ২০১৫ সালের ১০ মার্চ রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সশস্ত্র ব্যক্তিরা আমাকে তুলে নেয়। ৬১ দিন পর আমাকে আরেকটি দেশে পাচার করা হয়। এ সময় আমাকে যে রুমে রাখা হয়েছিল, সেই রুমের বর্ণনাসহ বিস্তারিত তথ্য আজ গুম কমিশনের কাছে তুলে ধরেছি।”

এসআর

সম্পর্কিত খবর