[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নয়াপল্টনে তারুণ্যের ঢল, বিএনপির সমাবেশে প্রাণের উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ মে ২০২৫ ৭:৫১ এএম

সংগৃহীত ছবি

লাখো তরুণ-তরুণীর অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে বিএনপির তিন অঙ্গ সংগঠন আয়োজিত ‘তারুণ্যের সমাবেশ’।

বুধবার (২৮ মে) বিকেল ৩টা ৩৭ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে এই সমাবেশ শুরু হয়।

এর আগে সকাল থেকেই ঢাকা, ফরিদপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

বেলা সাড়ে ১২টার দিকে নয়াপল্টন এলাকায় স্লোগান, ব্যানার, টি-শার্ট, ক্যাপ এবং জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত নেতাকর্মীদের উপস্থিতিতে প্রাণচাঞ্চল্য দেখা দেয়। মঞ্চে পরিবেশিত হয় গান ও দলীয় সংগীত। এতে বাড়ে উপস্থিত জনতার উচ্ছ্বাস।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের বিপরীত পাশে মূল মঞ্চ তৈরি করা হয়েছে। আশপাশের এলাকায় টানানো হয়েছে মাইক ও ব্যানার। ফকিরাপুল থেকে কাকরাইল মোড় পর্যন্ত নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো নয়াপল্টন। এতে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন রয়েছে পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা, যারা ছিলেন সতর্ক অবস্থানে।

সমাবেশের প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঞ্চে বিএনপির স্থায়ী কমিটির সদস্যসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত রয়েছেন।

তরুণদের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারে এই সমাবেশকে দলের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে।

এসআর

সম্পর্কিত খবর