[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে সতর্ক থাকবে বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ২:১০ পিএম

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের রাজনৈতিক বা সাংগঠনিক তৎপরতা আইনসম্মত নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলটি বেআইনি কর্মকাণ্ডে জড়ালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। একই সঙ্গে দেশে অস্থিতিশীলতা ও নাশকতা প্রতিরোধে প্রশাসনকে সহযোগিতা করবেন বিএনপির নেতাকর্মীরা।

 

রোববার (১৫ নভেম্বর) সকালে ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন কমিটির নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান। পরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন রিজভী।

 

চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার জাহাঙ্গীর আলমের গ্রেপ্তার, আওয়ামী লীগের সঙ্গে তাঁর সংশ্লিষ্টতা এবং পুলিশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে রিজভী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল হিসেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করবে। যাতে কেউ সন্ত্রাস, নৈরাজ্য কিংবা বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করতে না পারে, সে বিষয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক রয়েছেন।

 

তিনি আরও বলেন, যেকোনো ধরনের ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সজাগ রয়েছে। চট্টগ্রামের সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ইতোমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁর অভিযোগ, গণতান্ত্রিক পরিবেশের সুযোগ কাজে লাগিয়ে একটি পক্ষ দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে।

 

রিজভীর দাবি, ফ্যাসিবাদী শক্তির পতন ঘটলেও তাদের তৎপরতা বন্ধ হয়নি। দেশের ভেতরে ও বিদেশ থেকে সহযোগিতা পেয়ে তারা বিভিন্নভাবে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে। কোথাও বিস্ফোরণের ঘটনা ঘটানো হচ্ছে, কোথাও যানবাহনে অগ্নিসংযোগ করা হচ্ছে। পাশাপাশি পোশাকশিল্পেও অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।

 

শেখ হাসিনার অনুসারীরা দেশের ভেতরে ও বাইরে থেকে নানা উপায়ে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছে বলেও দাবি করেন বিএনপির এই নেতা। তাঁর অভিযোগ, তাদের মালিকানাধীন কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগদানে বাধা দেওয়া হচ্ছে।

 

তবে এসব পরিস্থিতি প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে মোকাবিলা করছেন বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের কোনো প্রচেষ্টা সফল হতে দেওয়া হবে না।

এ সময় ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব জাহাঙ্গীর আলমসহ দলের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এফ/ডি

সম্পর্কিত খবর