জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের ওপর
গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান—এমন তথ্য জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে স্পষ্ট করেছেন যে দেশের ওপর ঋণের বোঝা আর বাড়ানো উচিত নয়; বরং জলবায়ু ঝুঁকি সামলাতে এখন অনুদানেরই প্রয়োজন।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ব্রিফিংয়ে রিজভী জানান, জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধিদল গত ৯ নভেম্বর তুরস্কের আন্তালিয়ার উদ্দেশে যাত্রা করে। সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর শীর্ষ প্রতিনিধিরা অংশ নেন। সেখানে জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের প্রয়োজনীয়তা ও করণীয় বিষয়গুলো বিশ্বনেতাদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী।
বৈশ্বিক উষ্ণায়নের ঝুঁকি কমাতে সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে পাঁচ দফা প্রস্তাব পেশ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে—জলবায়ু অর্থায়ন, ঋণ, অনুদান, নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ এবং আধুনিক প্রযুক্তিতে সহজ প্রবেশাধিকার নিশ্চিত করা। পাশাপাশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন।
সরকারের পরিবেশবিষয়ক পদক্ষেপ তুলে ধরে রিজভী আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে সারা দেশে ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। এর অংশ হিসেবে গত সাত-আট মাসে ইতোমধ্যে প্রায় তিন থেকে চার কোটি চারা রোপণ করা হয়েছে, যেখানে সরকারি দপ্তরের পাশাপাশি বেসরকারি সংস্থা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো যুক্ত রয়েছে।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং এর ফলে প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, চলতি বছর ইউরোপের বেশ কয়েকটি দেশেও তীব্র তাপপ্রবাহে মানুষের মৃত্যু হয়েছে, যা জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা স্পষ্ট করে। এই পরিস্থিতি সামাল দিতে সমন্বিত বৈশ্বিক উদ্যোগ ও পারস্পরিক সহযোগিতা অপরিহার্য। তাঁর মতে, কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রীর দেওয়া প্রস্তাবগুলো বাস্তবায়িত হলে জলবায়ু অভিযোজন কার্যক্রম আরও গতিশীল হবে এবং বাংলাদেশসহ ক্ষতিগ্রস্ত দেশগুলো উপকৃত হবে।
প্রধানমন্ত্রীর এই সফরকে অত্যন্ত ফলপ্রসূ আখ্যা দিয়ে রিজভী জানান, এর মাধ্যমে বাংলাদেশের অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির পথ সুগম হয়েছে।
উল্লেখ্য, কপ-৩১ সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশে ফেরার পর শুক্রবার ভোর ৫টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং সফরসঙ্গীদের স্বাগত জানান রুহুল কবির রিজভী। তুর্কি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁরা ঢাকায় পৌঁছান।
এইচ/এম