জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম বলেছেন, শেখ
হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন—এমন গুঞ্জনকে তারা কোনো গুরুত্ব দিচ্ছেন না। তবে সত্যিই যদি তিনি দেশে ফেরার কথা চিন্তা করেন, তাহলে আওয়ামী লীগের রাজনীতির যতটুকু অবশিষ্টাংশ বাকি রয়েছে, সেটুকুরও কবর রচিত হবে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে পঞ্চগড় সদর উপজেলা পরিষদ হলরুমে দৈনিক পঞ্চগড় খবর পত্রিকার উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গণঅভ্যুত্থানের প্রসঙ্গ উল্লেখ করে সারজিস আলম বলেন, একটি পতিত স্বৈরাচারের পতন গণঅভ্যুত্থানের মধ্য দিয়েই হয়েছে। পূর্বে জাতীয় পার্টির পতনের পরও কিছুদিন নানা ধরনের তৎপরতা দেখা গিয়েছিল এবং সর্বশেষ নির্বাচনের মাধ্যমে তাদের রাজনৈতিক অধ্যায়ের অবসান ঘটে। আওয়ামী লীগকে ঘিরে বর্তমানে যেসব কথাবার্তা শোনা যাচ্ছে, সেগুলো সম্পূর্ণরূপে শেষ হতেও হয়তো কিছুটা সময় লাগবে।
তিনি আরও বলেন, বিগত আন্দোলনের ঘটনায় মানুষের মনে এখনো তীব্র ক্ষোভ বিরাজ করছে। কেউ স্বজন হারিয়েছেন, আবার কেউ হারিয়েছেন হাত-পা। তাদের সাথে কথা বললেই এই ক্ষোভের তীব্রতা উপলব্ধি করা যায়। ৫ আগস্ট গণভবনে শেখ হাসিনা থাকলে যে পরিস্থিতি হতো, ডিসেম্বরে বাংলাদেশের কোথাও তাকে পাওয়া গেলে একই পরিণতি তৈরি হতে পারে।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সারজিস আলম জানান, জামায়াতে ইসলামীর সঙ্গে এনসিপির নির্বাচনী জোট হয়েছিল এবং বর্তমানে সংসদে তারা বিরোধী দলীয় জোট হিসেবে ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। এই জোট এখনো বহাল রয়েছে। তবে দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, স্থানীয় নির্বাচনে জামায়াত, এনসিপি ও অন্যান্য দল স্ব-স্ব অবস্থান থেকে এককভাবেই নির্বাচন অংশগ্রহণ করবে।
তিনি উল্লেখ করেন, ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে এনসিপির দুই শীর্ষ নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী ও আসিফ মাহমুদকে মেয়র প্রার্থী করা হয়েছে। কোনো ধরনের ছাড় বা সমঝোতার জন্য তাদের প্রার্থী করা হয়নি; শেষ মুহূর্ত পর্যন্ত তারা নির্বাচনী মাঠে লড়াই চালিয়ে যাবেন।
এ সময় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, গত আট মাসে বিএনপির জনপ্রিয়তা ক্রমাগত হ্রাস পেয়েছে। দেশে সুশাসনের অভাব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং হত্যাকাণ্ড ও ধর্ষণের ঘটনা বাড়ার কারণে জনগণ এখন বিকল্প হিসেবে এনসিপি-কে বেছে নেবে বলে তারা আশাবাদী। তবে এটি সংসদে বিরোধী দলীয় জোটের স্বাভাবিক কার্যক্রমে কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলেও তিনি জানান।
এইচ/এম