বাংলাদেশে কোরআনের বিধান ও আইন প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত ‘দাওয়াতি সমাবেশে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, দেশে আল্লাহর বিধান বাস্তবায়নের প্রক্রিয়ায় সবাইকে অংশ নিতে হবে।
এ ক্ষেত্রে মানুষকে সঙ্গে নিয়েই সেই পরিবর্তন প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
তিনি বলেন, ‘এ দেশ মুক্ত হবে, এ দেশে ইনশাআল্লাহ কোরআনের আইন কায়েম হবে।’ একই সঙ্গে আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজে প্রত্যেককে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান জামায়াত আমির।
সমাবেশে ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
ধর্মের পরিচয়কে কেন্দ্র করে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করে সমাজে অস্থিরতা তৈরি করা হবে না বলে জানান। তার ভাষ্য, বিভেদমুক্ত সমাজ গঠন ইসলামের অন্যতম শিক্ষা এবং জামায়াত কাজের মাধ্যমে সেই অবস্থান তুলে ধরতে চায়।
কওমি মাদ্রাসার সঙ্গে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর বিষয়ে দলের অবস্থানও তুলে ধরেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, কওমি মাদ্রাসার জনগোষ্ঠীকে তারা সমাজের আলাদা কোনো সত্তা হিসেবে বিবেচনা করেন না। তাদের প্রতি দলের আন্তরিকতা ও শুভকামনা রয়েছে।
সংসদে কওমি সংশ্লিষ্টদের অধিকার নিয়ে কথা বলাকে দলের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, তাদের অধিকারের পক্ষে সংসদের ভেতরে কথা বলা হবে।
কোনো বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নয়, বরং নিজেদের নৈতিক দায়িত্ব ও বিবেকের তাগিদ থেকেই এ অবস্থান নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ বিষয়ে কথা বলার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির।
এসআর