রাষ্ট্রের নীতি ও কাঠামোয় প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় দেশের সার্বিক পরিস্থিতিতে প্রত্যাশিত পরিবর্তন আসছে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
মঙ্গলবার (১৮ আগস্ট) ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
গাজী আতাউর রহমান বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর রাষ্ট্র পরিচালনায় মূলত ব্যক্তি পরিবর্তন হয়েছে; কিন্তু রাষ্ট্রের কাঠামো ও নীতিগত জায়গায় প্রত্যাশিত পরিবর্তন এখনো হয়নি।
প্রয়োজনীয় সংস্কার ছাড়া আগামী কয়েক বছরেও জনগণের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হবে।
তিনি বলেন, জনআকাঙ্ক্ষা পূরণে রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে কার্যকর সংস্কার জরুরি।
বিশেষ করে সাধারণ নির্বাচনে ভোটের আনুপাতিক হারের ভিত্তিতে উচ্চকক্ষ গঠন এবং আর্থিক খাতে কঠোর শৃঙ্খলা প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিতে হবে।
সভায় গ্যাস ও বিদ্যুতের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করেন ইসলামী আন্দোলনের নেতারা।
তাদের মতে, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ার পাশাপাশি শিল্প ও উৎপাদন কার্যক্রমও ব্যাহত হচ্ছে।
এ সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় দলের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, শেখ ফজলুল করীম মারুফ, দপ্তর সম্পাদক মাওলানা লোকমান হোসাইন জাফরী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম, আতিকুর রহমান মুজাহিদ, মাওলানা মানসুর আহমদ সাকী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা নুরুল করীম আকরাম, অধ্যাপক নাসির উদ্দিন, আলহাজ্ব আবু তাহের, মুফতি শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, কে এম শরীয়াতুল্লাহ ও ইঞ্জিনিয়ার শেখ মারুফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এসআর