[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যা বললেন রুমিন ফারহানা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ এপ্রিল ২০২৬ ৯:৩৮ এএম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার গুঞ্জনকে পুরোপুরি নাকচ করে দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক বিএনপি নেত্রী রুমিন ফারহানা। তিনি এই তথ্যকে ভিত্তিহীন ও গুজব বলে আখ্যায়িত করেছেন। শুক্রবার জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের এক টকশোতে অংশ নিয়ে তিনি নিজের অবস্থান পরিষ্কার করেন।

 রুমিন ফারহানা জানান, এনসিপিতে যোগ দেওয়ার বিষয়ে যেসব আলোচনা চলছে, তার ন্যূনতম কোনো সত্যতা নেই।

​রুমিন ফারহানা বলেন, বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর বিভিন্ন রাজনৈতিক দল স্বাভাবিকভাবেই তাঁর সাথে যোগাযোগের চেষ্টা করেছে। এনসিপির পক্ষ থেকেও তাঁকে দলে যোগ দিয়ে একসঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই দলের নেতারা তাঁকে রাজপথের সাহসী ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। তবে তিনি তাদের এই প্রস্তাবকে গুরুত্ব দেননি এবং বিষয়টি নিয়ে কোনো কথা বাড়াননি।

​সংসদে কথা বলার সুযোগ বাড়ানোর জন্য এনসিপিতে যোগ দেবেন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, শুধু কথা বলার সুযোগের জন্য তিনি কোনো জোটে যোগ দেবেন না। রুমিন ফারহানা স্পষ্ট করে বলেন, কথা বলার জন্য অনেক প্ল্যাটফর্ম রয়েছে।

নিজের রাজনৈতিক আদর্শ, চিন্তাভাবনা ও সুদীর্ঘ পরিকল্পনা বিসর্জন দিয়ে কেবল সংসদে অতিরিক্ত কয়েক মিনিট কথা বলার জন্য অন্য কোনো দলে যোগ দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়। এই বক্তব্যের মাধ্যমে তিনি তাঁর রাজনৈতিক স্বতন্ত্রতা ও আদর্শের প্রতি অবিচল থাকার বার্তাই দিয়েছেন।

এসআর

সম্পর্কিত খবর