রাজধানীর ধানমন্ডি এলাকায় ভোরবেলায় আকস্মিক মিছিলের সময় বাংলাদেশ আওয়ামী লীগ-এর সহযোগী সংগঠন মহিলা শাখার সাত নেত্রীকে আটক করেছে পুলিশ।
তাদের বহনকারী একটি মাইক্রোবাসের চালককেও গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার ভোর আনুমানিক ৬টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান।
পুলিশ জানায়, ধানমন্ডি ২ নম্বর সড়কের একটি রেস্তোরাঁর সামনে থেকে ২০-২৫ জন নারী জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দেন ও প্ল্যাকার্ড নিয়ে মিছিল শুরু করেন।
ব্যানারে ‘মুজিব প্রেমিক বাংলার নারীরা’ লেখা ছিল। স্লোগান দিতে দিতে তারা ৩ নম্বর সড়কের দিকে অগ্রসর হলে টহলরত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ সময় সাতজন নেত্রীকে আটক করা হয়। বাকিরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে জানিয়েছে পুলিশ।
মিছিলে অংশগ্রহণকারীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং এর চালককেও হেফাজতে নেওয়া হয়েছে।
ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মুস্তফা তারিকুজ্জামান বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর
মন্তব্য করুন: