[email protected] সোমবার, ১৫ জুন ২০২৬
১ আষাঢ় ১৪৩৩

নারীর সুরক্ষায় দলীয় দায়বদ্ধতা জরুরি: জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৬ ৭:২৮ এএম

সংগৃহীত ছবি

রাজনৈতিক অঙ্গনে সক্রিয় নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

তিনি বলেন, প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব আচরণবিধি থাকা প্রয়োজন, যেখানে নারী নেত্রী ও কর্মীদের সুরক্ষার বিষয়টি স্পষ্টভাবে অন্তর্ভুক্ত থাকবে।
রোববার দুপুরে রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে উইমেন ইন ডেমোক্রোসি (উইনড)-এর উদ্যোগে আয়োজিত ‘গণতন্ত্রের সংগ্রামে নারী: অবদান, দায় ও দায়িত্ব’ শীর্ষক গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন।


জাইমা রহমান বলেন, নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে ছাত্র রাজনীতি থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত একটি কার্যকর নেতৃত্বের ধারা তৈরি করতে হবে। এই ধারাবাহিকতা বজায় রাখা না গেলে যোগ্য ও দক্ষ নারী নেতৃত্ব সামনে আনার সুযোগ নষ্ট হয়ে যাবে।


তিনি আরও বলেন, নারীদের জন্য যে আর্থিক ও সামাজিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়, তা বাস্তবায়নের দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। একই সঙ্গে কোনো নারী নেত্রী বা শিক্ষার্থী রাজনীতিতে যুক্ত হয়ে হয়রানি বা ঝুঁকির মুখে পড়লে দলীয়ভাবে আইনি ও নৈতিক সুরক্ষা নিশ্চিত করা প্রয়োজন।


নারীর নিরাপত্তার বিষয়টি জোর দিয়ে তুলে ধরে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর একটি কার্যকর ‘কোড অব কন্ডাক্ট’ থাকা উচিত, যাতে নারী নেত্রী বা কর্মীরা কোনো ধরনের নির্যাতনের শিকার হলে দল সরাসরি দায় নেয় এবং পাশে দাঁড়ায়।


রাজনীতি ও নাগরিক দায়িত্বে সক্রিয় অংশগ্রহণ ছাড়া সঠিক সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তৈরি হয় না বলেও মন্তব্য করেন জাইমা রহমান। তিনি বলেন, নতুন নেতৃত্ব গড়ে তুলতে সহায়ক পরিবেশ ও দায়িত্বশীল অভিভাবকত্ব জরুরি। যদিও পুরুষদের জন্য বিভিন্ন সুযোগ বিদ্যমান, নারীরা এখনো সেই সুযোগ থেকে অনেকাংশে বঞ্চিত। তাই নারীদের জন্য কার্যকর সংযোগ, সহায়তা এবং সামাজিক দৃষ্টিভঙ্গির ইতিবাচক পরিবর্তন অপরিহার্য।

এসআর

সম্পর্কিত খবর