[email protected] মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬
১৯ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশে পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষক দল পাঠাবে ইইউ : রাষ্ট্রদূত মিলার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ১০:৪৯ পিএম

রাষ্ট্রদূত মিলার

আসন্ন জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে বাংলাদেশে একটি বৃহৎ প্রতিনিধি দল পাঠানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনের জন্য এটি হবে ২০০৮ সালের পর ইইউর প্রথম পূর্ণাঙ্গ নির্বাচন পর্যবেক্ষণ মিশন।

মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ শেষে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার এ তথ্য জানান।

রাষ্ট্রদূত মিলার বলেন, “ইইউর নির্বাচন পর্যবেক্ষণ মিশন বর্তমানে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এতে ১৫০ থেকে ২০০ জন সদস্য থাকতে পারেন। তাদের মধ্যে কিছু পর্যবেক্ষক ভোটের ছয় সপ্তাহ আগে এবং বাকিরা ভোটের এক সপ্তাহ আগে বাংলাদেশে আসবেন।”

তিনি জানান, ইইউ স্থানীয় নির্বাচন পর্যবেক্ষকদের নিয়োগেও সহায়তা করবে।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠকে সাংবিধানিক সংস্কার, নির্বাচন প্রস্তুতি, বিচার বিভাগ ও শ্রম খাতের সংস্কার, বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্কসহ সার্বিক রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়।

রাষ্ট্রদূত মিলার জুলাই জাতীয় সনদকে “গণতান্ত্রিক রূপান্তরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল” হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, “শ্রম আইন সংস্কার এবং বিচার বিভাগের স্বাধীনতা জোরদারের পদক্ষেপগুলো উল্লেখযোগ্য অগ্রগতি। এগুলো অবাধ ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পথে সহায়ক হবে।”

তিনি আরও বলেন, ফেব্রুয়ারির নির্বাচন বাংলাদেশের “আন্তর্জাতিক ভাবমূর্তি পুনর্গঠনের সুযোগ” হিসেবে বিবেচিত হচ্ছে।

বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদার করতে ইইউর আগ্রহের কথাও জানান রাষ্ট্রদূত মিলার। বৈঠকে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির সম্ভাবনা, বিমান ও নৌপরিবহন খাতে সহযোগিতা বৃদ্ধি এবং মানবপাচার ও অবৈধ অভিবাসন প্রতিরোধে ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়ে আলোচনা হয়।

প্রধান উপদেষ্টা জানান, চট্টগ্রাম বন্দরের লালদিয়া টার্মিনাল উন্নয়ন ও পরিচালনায় বৈশ্বিক শিপিং কোম্পানি এ.পি. মোলার-মায়ার্সকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি চলছে।

রাষ্ট্রদূত মিলার বলেন, “ডেনমার্কের এই প্রতিষ্ঠান প্রায় ৮০০ মিলিয়ন ডলার বিনিয়োগে লালদিয়াকে এ অঞ্চলের অন্যতম আধুনিক টার্মিনাল হিসেবে গড়ে তুলতে চায়।”

বৈঠকে নির্বাচনী পরিবেশ, প্রার্থীদের যোগ্যতা ও মানবাধিকার সুরক্ষা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়। 

এসআর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর