[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

টানা ৫ দিন ভারি বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৫ ৯:৩২ এএম

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে দেশের চারটি সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি রয়েছে।

পাশাপাশি সক্রিয় মৌসুমি বায়ুর কারণে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে আবহাওয়া অধিদপ্তরের দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি ভারতের ওড়িশা উপকূলে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করার নির্দেশনা দেওয়া হয়েছে।

অধিদপ্তরের দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী—

  • শনিবার (৪ অক্টোবর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ স্থানে এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
  • রবিবার (৫ অক্টোবর): রংপুর ও রাজশাহী বিভাগের অধিকাংশ স্থানে এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অনেক জায়গায় একই ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
  • পরবর্তী দিনগুলোতেও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টি ও ভারি বর্ষণ চলতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময়ে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন পরিবর্তন হবে না। 

এসআর

সম্পর্কিত খবর