[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদে বিআইডব্লিউটিএর অভিযান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ আগষ্ট ২০২৫ ৭:৫৭ এএম

সংগৃহীত ছবি

কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর দখল করে গড়ে ওঠা সাবেক বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বাংলোবাড়ি উচ্ছেদে অভিযান চালিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চঘাটের বিপরীতে কেরানীগঞ্জ অংশে এ অভিযান শুরু হয়। এ সময় প্রায় ২ একর দখলকৃত জমির সীমানাপ্রাচীর ও ভেতরের ভবন ভেঙে ফেলা হয়।

বিআইডব্লিউটিএ কর্মকর্তারা জানান, ২০০৯ সালে জনস্বার্থে দায়ের করা এক রিটের প্রেক্ষিতে হাইকোর্ট নদীর জমি দখলমুক্ত করার নির্দেশ দেন। সেই আদেশের অংশ হিসেবেই এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। তারা আরও জানান, সীমানা পিলারের ভেতরে থাকা সব ধরনের অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।

এর আগে গত ৩০ এপ্রিল আদালত নসরুল হামিদের গুলশানে অবস্থিত প্রায় ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ দেন। এছাড়া গত ১৬ জানুয়ারি দুদকের করা এক মামলায় তার ও স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।

দুদকের অভিযোগ অনুযায়ী, প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় নসরুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে স্ত্রী সীমা হামিদের নামে ৬ কোটি ৯৮ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনে সহায়তা করেন।

এসআর

সম্পর্কিত খবর