[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫ ১১:৫৫ এএম

সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। এর আগে সকাল ১১টায় নির্বাচন কমিশন ভবনে অনুষ্ঠিত এক কমিশন সভায় নির্বাচনের প্রস্তুতি, আচরণ বিধিমালা ও আরপিও সংশোধন বিষয়ে আলোচনা হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় ইসি সচিব আখতার আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও অংশ নেন।

কমিশন সভায় গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আচরণ বিধিমালা চূড়ান্ত করা হয়। এছাড়া নির্বাচনী সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সংশোধনী প্রস্তাব পর্যালোচনা করে ইসি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর আগেই নির্বাচন কমিশন আচরণ বিধিমালার খসড়া অনুমোদন দেয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং ব্যক্তিরা কমিশনের আহ্বানে সাড়া দিয়ে লিখিত মতামত জমা দেন।

তবে গত ১০ জুলাই অনুষ্ঠিত অষ্টম কমিশন সভায় সময়াভাবে আরপিও সংশোধনের বিষয়টি আলোচনায় আসেনি। ফলে তা চূড়ান্ত করতে বৃহস্পতিবারের সভাটি অনুষ্ঠিত হয়।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন সময়মতো তফসিল ঘোষণা এবং সংশ্লিষ্ট আইন ও বিধিমালার সংস্কারের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে নিচ্ছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এসআর

সম্পর্কিত খবর