[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ, মেট্রোরেলে চামড়া-মাংস বহনে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ জুন ২০২৫ ৫:১১ এএম

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের ফিরতি যাত্রায় যাত্রীদের স্বাস্থ্যবিধি মানা এবং মাস্ক পরার আহ্বান জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

রোববার (৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ সংক্রমণ হারের ঊর্ধ্বগতির কারণে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক পরা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে পরামর্শ দেওয়া হয়েছে।

বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের ভিড় এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই প্রেক্ষাপটে ঈদের পরবর্তী ট্রেন যাত্রায় সব যাত্রীকে মাস্ক পরার এবং স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

এদিকে, ঈদের একদিন বন্ধ থাকার পর রবিবার সকাল ৮টা ৩০ মিনিট থেকে মেট্রোরেল চালু হয়েছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানায়, যাত্রীদের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্টেশনগুলোতে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেট্রোরেলে কোরবানির পশুর চামড়া, কাঁচা বা রান্না করা মাংস বহন সম্পূর্ণ নিষিদ্ধ। স্টেশনের প্রবেশপথে তল্লাশির সময় এ ধরনের কোনো সামগ্রী পাওয়া গেলে সংশ্লিষ্ট যাত্রীকে প্রবেশ করতে দেওয়া হবে না।

আগামীকাল সোমবার (৯ জুন) থেকে মেট্রোরেল চলবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী। 

এসআর

সম্পর্কিত খবর