[email protected] শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ১৮

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩১ মে ২০২৫ ৯:৪৫ এএম

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯ জন যাত্রী বহনকারী একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে।

স্থানীয় জেলেদের সহায়তায় এখন পর্যন্ত ২১ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে নিখোঁজ রয়েছেন আরও ১৮ জন যাত্রী।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করা ট্রলারটি নদীর মাঝপথে ডুবে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নদীতে ঝড়ো আবহাওয়া ও উঁচু ঢেউয়ের মধ্যে ট্রলারটি একটি ডুবোচরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। সঙ্গে সঙ্গে আশপাশের তিনটি স্থানীয় ট্রলার উদ্ধার কাজে এগিয়ে আসে এবং ২১ জন যাত্রীকে নিরাপদে তীরে আনা সম্ভব হয়।

জিহাদ উদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে নদীতে বৈরী আবহাওয়া বিরাজ করছিল। “ঝড়ো বাতাস ও উঁচু ঢেউয়ের কারণে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়,” বলেন তিনি।

ভাসানচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কুতুব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ট্রলারটি দুপুর সাড়ে ১২টায় ভাসানচর ত্যাগ করে। তীরের কাছাকাছি পৌঁছালে এটি দুর্ঘটনার শিকার হয়। উদ্ধার অভিযান চলমান রয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।”

এদিকে, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে স্থানীয় জেলেদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও অভিযান পরিচালনা করা হচ্ছে। 

এসআর

সম্পর্কিত খবর