[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

ডিসেম্বর নিয়ে বড় ধরনের নাশকতার আশঙ্কা নেই, জানাল এসআরবি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ৭:২৯ পিএম

সংগৃহীত ছবি

ডিসেম্বর মাসকে কেন্দ্র করে দেশে বড় ধরনের নাশকতার আশঙ্কা আপাতত দেখছে না স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

তবে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে সংস্থাটি।

 

রোববার (১৫ নভেম্বর) বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা জানান সংস্থাটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

 

তিনি বলেন, ডিসেম্বর ঘিরে এখন পর্যন্ত বড় ধরনের কোনো নাশকতার তথ্য বা আশঙ্কা পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে নিরাপত্তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

খুলনার সাম্প্রতিক পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, গত কয়েক দিনে সেখানে একাধিক অপরাধমূলক ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এসআরবি-৬-এর বিভিন্ন দল পোশাকধারী ও সাদাপোশাকে অভিযান চালাচ্ছে। অপরাধী এবং অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে ধারাবাহিক কার্যক্রম চলছে। ইতোমধ্যে বেশ কয়েকটি অভিযান সফল হয়েছে।

 

খুলনায় সংঘটিত অপরাধ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদস্যরা কাজ করছেন বলেও জানান তিনি।

 

অপরাধীদের রাজনৈতিক পরিচয় কিংবা কোনো সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে প্রশ্ন করা হলে ইন্তেখাব চৌধুরী বলেন, গোয়েন্দা তথ্য প্রকাশ্যে জানানো সম্ভব নয়। অপরাধের বিষয়ে তথ্য পাওয়ার পরপরই গোয়েন্দা সদস্যরা অনুসন্ধান শুরু করেন। পরে মাঠপর্যায়ের দল সাক্ষ্য, প্রযুক্তিগত তথ্য ও বিভিন্ন আলামত সংগ্রহ করে। সেসব যাচাইয়ের ভিত্তিতে প্রয়োজনীয় অভিযান পরিচালনা করা হয়।

 

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদারের বিষয়ে তিনি বলেন, সন্ধ্যা ও রাতের সময় বিভিন্ন স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি নিয়মিত মোবাইল টহল ও পায়ে হেঁটে নজরদারি কার্যক্রমও অব্যাহত রয়েছে।

 

এসআরবির এই কর্মকর্তা আরও জানান, দিনের কোন কোন সময়ে নাশকতার ঘটনা বেশি ঘটে, তা বিশ্লেষণ করে নিরাপত্তা পরিকল্পনা সাজানো হচ্ছে। ঝুঁকিপূর্ণ সময়গুলোতে পরিস্থিতি অনুযায়ী টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানো হয়েছে।

 

সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে অপতথ্য এবং বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধেও নজরদারি চালানো হচ্ছে। এ লক্ষ্যে এসআরবির সাইবার মনিটরিং দল সার্বক্ষণিক কাজ করছে। কোনো অপরাধের তথ্য পাওয়া গেলে তা যাচাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

ঢাকায় এত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও নাশকতার ঘটনা ঘটছে কেন—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, বিশাল এই নগরীর প্রতিটি স্থানে সার্বক্ষণিক নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। তবে এসআরবি, বাংলাদেশ পুলিশসহ সংশ্লিষ্ট সব বাহিনী সমন্বিতভাবে নিরাপত্তা বজায় রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

এফ/ডি

সম্পর্কিত খবর