[email protected] রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড় ‘আকভান’-এ রূপ নিতে পারে বঙ্গোপসাগরের লঘুচাপ, শৈত্যপ্রবাহের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬ ৯:৪৫ এএম

সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে

 পারে। আজ রবিবার (১৫ নভেম্বর) রাতের মধ্যেই এটি নিম্নচাপে রূপ নেওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

​আবহাওয়া সংশ্লিষ্টরা জানিয়েছেন, লঘুচাপটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হলে এর নাম হবে ‘আকভান’। তবে সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টি শেষ পর্যন্ত কোন দিকে আঘাত হানবে, তার সুনির্দিষ্ট গতিপথ এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

​আবহাওয়ার পূর্বাভাস বলছে, সম্ভাব্য ঘূর্ণিঝড়টির প্রভাবে আগামী ১৮ নভেম্বর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি শুরু হতে পারে। আর এই বৃষ্টিপাতের পর তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গিয়ে দেশের কোথাও কোথাও চলতি মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

​নভেম্বরের মাঝামাঝি সময়ে এসে বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিঝড়ের এই শঙ্কা তৈরি হলো। আবহাওয়ার প্রাথমিক গাণিতিক মডেলগুলোর বিশ্লেষণ অনুযায়ী, গভীর লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম অভিমুখে অগ্রসর হচ্ছে। এর সম্ভাব্য গতিপথের তালিকায় ভারতের অন্ধ্র প্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলও রয়েছে। তবে শেষ পর্যন্ত এটি কোন উপকূলের দিকে যাবে, তা এখনো পুরোপুরি স্পষ্ট নয়।

​এদিকে, বঙ্গোপসাগরে গভীর লঘুচাপ সৃষ্টির প্রেক্ষাপটে আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শনিবার জারি করা এক বিশেষ আবহাওয়া বার্তায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে মাছ ধরতে যাওয়া থেকে বিরত থাকার জন্য জেলেদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এইচ/এম

সম্পর্কিত খবর