বিদায় নিলেও কার্তিকের শেষের দিকে বৃষ্টির দাপট পুরোপুরি কমেনি। দেশের বিভিন্ন স্থানে
এখনো বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও সর্বোচ্চ ৫০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে, আর এর মধ্যেই তাপমাত্রা রয়েছে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী চার দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, বর্তমানে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই অবস্থায় শুক্রবারের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে তা আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এ ছাড়া আগামী পাঁচ দিনে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৫০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে মাদারীপুরে। এ ছাড়া বাগেরহাটের মোংলায় ১৩ মিলিমিটার, চাঁদপুরে ১২, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৮, যশোরে ৭ এবং ফরিদপুরে ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। দেশের আরও কিছু অঞ্চলেও এ সময় হালকা বৃষ্টি রেকর্ড করা হয়।
এইচ/এম