বিগত সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা মোট ২৪ হাজার ১৩টি হয়রানিমূলক
মামলা ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য পেশ করেন। চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. কেরামত আলীর এক লিখিত প্রশ্নের জবাবে সরকারের পক্ষ থেকে এই তথ্য জানান সংসদ কাজে দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি ও আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
সংসদ সদস্য কেরামত আলী তার লিখিত প্রশ্নে জানতে চান—বিগত ফ্যাসিস্ট আমলে দায়েরকৃত বিভিন্ন মিথ্যা ও রাজনৈতিক মামলা এখনো নিষ্পত্তি না হওয়ায় অসংখ্য মানুষ হয়রানির শিকার হচ্ছেন। এসব মামলা কেন নিষ্পত্তিতে দেরি হচ্ছে এবং তা নিষ্পত্তিতে সরকারের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ রয়েছে কি না।
প্রশ্নের জবাবে আইনমন্ত্রী স্পষ্ট করেন যে, রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা এসব মামলা প্রত্যাহারের প্রাথমিক পদক্ষেপ অন্তর্বর্তী সরকারের মেয়াদে শুরু হলেও বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করতে বিশেষ উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে ২০২৬ সালের ৫ মার্চ জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৪ সদস্যবিশিষ্ট জেলা পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।
জেলা কমিটিগুলোর কাজের প্রক্রিয়া তুলে ধরে তিনি বলেন, উক্ত কমিটিসমূহ মামলা প্রত্যাহারের আবেদন, এজাহার, চার্জশিট (প্রযোজ্য ক্ষেত্রে) এবং পাবলিক প্রসিকিউটরের মতামত গভীরভাবে বিশ্লেষণ করে। মামলাটি রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে কি না, জনস্বার্থে এর বিচার অব্যাহত রাখার যৌক্তিকতা এবং মামলা চালু রাখলে রাষ্ট্রের ক্ষতির আশঙ্কা রয়েছে কি না—এই বিষয়গুলো বিবেচনা করেই তারা সুপারিশ পাঠায়।
আইনমন্ত্রী আরও জানান, জেলা কমিটির সুপারিশ পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে একই বছরের ৮ মার্চ আইনমন্ত্রীকে আহ্বায়ক করে ৬ সদস্যের একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। জেলা কমিটির ইতিবাচক সুপারিশের ভিত্তিতে যেসব মামলা রাজনৈতিক হয়রানিমূলক হিসেবে চিহ্নিত হবে, সেগুলো প্রত্যাহারে সরকারের আইনি প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এইচ/এম