সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আইনি জটিলতা তৈরি হবে না বলে মনে করছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (১০ নভেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তথ্য উপদেষ্টা জানান, প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে চায় সরকার।
ব্রিফিংয়ে আওয়ামী লীগের অর্থের উৎস প্রসঙ্গে তিনি বলেন, দলটির কাছে বিপুল পরিমাণ অর্থ রয়েছে। এসব অর্থ ব্যবহার করে বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। এ ধরনের কর্মকাণ্ড সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে বলেও মন্তব্য করেন।
তিনি আরও জানান, এসব ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা গেলে এ ধরনের অপরাধ কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার বিষয়টি উল্লেখ করে জাহেদ উর রহমান বলেন, এ অবস্থায় কেউ দলটির কার্যক্রম পরিচালনা করলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের বিষয়ে তিনি জানান, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি চূড়ান্ত করার লক্ষ্য নিয়ে কাজ চলছে।
এফ/ডি