শিল্পাঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ৩৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। মোতায়েন করা সদস্যদের মধ্যে সাভার ও আশুলিয়ায় ১৪ প্লাটুন, রাজধানীর মিরপুরে ৩ প্লাটুন, নারায়ণগঞ্জে ৯ প্লাটুন এবং গাজীপুরের বিভিন্ন শিল্প এলাকায় ১০ প্লাটুন রয়েছেন। পাশাপাশি নারায়ণগঞ্জ ও আশপাশের এলাকায় দুটি বিশেষ টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে।
শিল্পাঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণে বিশেষ নজরদারির ব্যবস্থাও গ্রহণ করেছে বিজিবি। সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং বিভিন্ন পর্যবেক্ষণ ডিভাইসের মাধ্যমে সরাসরি ভিডিও ফুটেজ দেখা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, শ্রমিক ও শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে টহল ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
এফ/ডি