জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ-৩১’-এ যোগ দিতে তুরস্ক সফরে
যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ১০ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এই সরকারি সফরে তিনি বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ১১ ও ১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিতব্য এই সম্মেলনের পূর্ণাঙ্গ অধিবেশনে আগামী ১২ নভেম্বর তিনি বাংলাদেশের পক্ষে বক্তব্য রাখবেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন প্রস্তুতি ও বিস্তারিত তথ্য তুলে ধরেন নবনিযুক্ত পররাষ্ট্র সচিব সালাহউদ্দিন নোমান চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক এই সম্মেলনে বাংলাদেশের অবস্থান ও প্রত্যাশা তুলে ধরে প্রধানমন্ত্রী জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, অর্থায়ন, অভিযোজন এবং টেকসই উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন। বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান মাত্র ০.০৫ শতাংশ হলেও ভৌগোলিক কারণে দেশটিকে চরম জলবায়ু ঝুঁকির মুখোমুখি হতে হচ্ছে। ফলে সম্মেলনে জলবায়ু ন্যায়বিচার অর্জন ও পূর্বশ্রুত অর্থায়নের কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাকে বাংলাদেশ সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন। এছাড়া জাতিসংঘের উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও একটি সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে। এসব আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং জলবায়ু সংক্রান্ত পারস্পরিক সহযোগিতা জোরদারের বিষয়টি গুরুত্ব পাবে।
জলবায়ু সহনশীলতায় বাংলাদেশের নিজস্ব অভিজ্ঞতা বিশ্বমঞ্চে শেয়ার করার পাশাপাশি পরিবেশবান্ধব পণ্যের প্রসারে সম্মেলন প্রাঙ্গণের ‘গ্রিন জোন’-এ একটি ‘পাট প্যাভিলিয়ন’ স্থাপন করা হবে। সফরকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে পাট ও পাটজাত পণ্যের প্রচার ও ব্যবহারের লক্ষ্যে একটি যৌথ ঘোষণা স্বাক্ষরের পরিকল্পনা রয়েছে। এছাড়া ‘ব্লু জোন’-এ বাংলাদেশ দুটি বিশেষ সাইড ইভেন্টের আয়োজন করবে, যেখানে জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট লিঙ্গভিত্তিক ঝুঁকি এবং প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটের বহুমুখী ব্যবহারের সম্ভাবনা ও চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করা হবে।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী, প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। এবারের কপ-৩১ সম্মেলনে তুরস্ক সভাপতির দায়িত্ব পালন করছে এবং অস্ট্রেলিয়া রয়েছে সহ-সভাপতির ভূমিকায়।
এইচ/এম