[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

আজ বিকেলে শুরু হচ্ছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ১২:৪৩ পিএম

সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন শুরু হচ্ছে আজ সোমবার (৯ নভেম্বর)।

আগামী ১৮ নভেম্বর পর্যন্ত এ অধিবেশন চলার কথা রয়েছে। সরকারি ছুটির দিন শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা ২০ মিনিটে সংসদের বৈঠক শুরু হবে।

 

রোববার (৮ নভেম্বর) জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত কার্য উপদেষ্টা কমিটির পঞ্চম সভায় অধিবেশনের সময়সূচি ও কার্যক্রম নিয়ে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। এতে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ১৮ নভেম্বর অধিবেশন শেষ হবে। তবে প্রয়োজন অনুযায়ী অধিবেশনের মেয়াদ ও কার্যদিবস পরিবর্তনের এখতিয়ার স্পিকারের হাতে থাকবে।

 

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, এবারের অধিবেশনে উপস্থাপনের জন্য একটি সরকারি বিল জমা পড়েছে। পাশাপাশি তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর নতুন অধিবেশন শুরুর আগে তিনটি অধ্যাদেশ জারি করা হয়েছে। এগুলো হলো পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) অধ্যাদেশ, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ এবং বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ—সবগুলোই ২০২৬ সালের। অধিবেশনের প্রথম দিনেই অধ্যাদেশগুলো সংসদে উত্থাপন করা হবে।

 

এবারের অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তর দেওয়ার জন্য ১৭৪টি প্রশ্ন জমা পড়েছে। অন্যান্য মন্ত্রীদের জন্য রয়েছে ৩ হাজার ৫৭৭টি প্রশ্ন। সব মিলিয়ে প্রশ্নের সংখ্যা ৩ হাজার ৭৫১টি। এ ছাড়া বিধি-৭১ অনুযায়ী মনোযোগ আকর্ষণের ৯২টি নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী সিদ্ধান্ত প্রস্তাবের ২৮১টি নোটিশ পাওয়া গেছে।

 

কার্য উপদেষ্টা কমিটির সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ এলাকাকে ধূমপানমুক্ত করার প্রস্তাব দেন। উপস্থিত সদস্যরা প্রস্তাবটিতে সম্মতি জানান।

 

সংসদের সাউন্ড সিস্টেমের প্রস্তুতি নিয়েও সভায় আলোচনা হয়। সংসদ সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া জানান, সোমবার বিকেল সাড়ে ৩টায় গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধানে নতুন সাউন্ড সিস্টেম উদ্বোধন করা হবে।

 

অন্যদিকে, সংসদ ভবনে সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনের অগ্রগতি তুলে ধরেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। তিনি জানান, এ ব্যবস্থা থেকে সাত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সংসদের অধিবেশন চলাকালে বিদ্যুতের চাহিদা প্রায় ছয় মেগাওয়াট। ফলে প্রয়োজন মেটানোর পর বাড়তি বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা যাবে। এ সময় প্রধানমন্ত্রী বিদ্যুৎ সংরক্ষণের ব্যবস্থাও নিশ্চিত করার নির্দেশ দেন।

 

সভায় বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানসহ সরকারি ও বিরোধী দলের একাধিক সংসদ সদস্য অংশ নেন।

 

এ ছাড়া সংসদে ই-পার্লামেন্ট কার্যক্রম বাস্তবায়ন এবং শূন্য পদে জনবল নিয়োগের অগ্রগতি সম্পর্কেও কমিটিকে অবহিত করেন ডেপুটি স্পিকার।

এফ/ডি

সম্পর্কিত খবর