বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরসূচি ও সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক নিয়ে কথা বলেন পররাষ্ট্র সচিব।
তিনি জানান, এরদোয়ানের পাশাপাশি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী, উজবেকিস্তানের প্রেসিডেন্ট এবং চীনের উপ-রাষ্ট্রপতির সঙ্গে তারেক রহমানের বৈঠক চূড়ান্ত হয়েছে। এ ছাড়া যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রশাসকের সঙ্গেও প্রধানমন্ত্রীর আলোচনা হওয়ার কথা রয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে সম্ভাব্য আলোচনার বিষয়বস্তু সম্পর্কে পররাষ্ট্র সচিব বলেন, দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণ নিয়ে কথা হতে পারে। সামরিক ও অর্থনৈতিক খাতে বিনিয়োগ কিংবা ড্রোন কারখানা স্থাপনের মতো বিষয়গুলোও সামরিক সহযোগিতার আলোচনার আওতায় আসতে পারে। তবে এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
তুর্কি প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের এভিয়েশন ও গ্রাউন্ড হ্যান্ডলিং খাতে সহযোগিতা নিয়ে জানতে চাইলে তিনি বলেন, এটি কোনো দ্বিপক্ষীয় সফর নয়। সফরটি মূলত সৌজন্য সাক্ষাৎকেন্দ্রিক হলেও সেখানে সাধারণ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের ক্ষয়ক্ষতি মোকাবিলায় উন্নত দেশগুলোর অর্থায়ন ও প্রযুক্তি সহায়তার প্রসঙ্গেও কথা বলেন পররাষ্ট্র সচিব। তিনি জানান, উন্নত দেশগুলো আগে বাংলাদেশকে অর্থায়ন এবং প্রযুক্তি হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিল। এসব প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং জলবায়ুজনিত ক্ষতির ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান জোরালোভাবে তুলে ধরা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ থেকে ১২ নভেম্বর সরকারি সফরে তুরস্কে অবস্থান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এফ/ডি