বাংলাদেশে ফিরে আসার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রয়টার্সের হাতে আসা একটি চিঠির বরাতে সোমবার (৯ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশের কোনো কূটনৈতিক মিশনের সঙ্গে শেখ হাসিনার এ ধরনের যোগাযোগের খবর এবারই প্রথম প্রকাশ্যে এলো।
প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
লন্ডনভিত্তিক আইন প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে দাবি করেছেন, শেখ হাসিনার আগের পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। তার বাংলাদেশি নাগরিকত্ব এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তির বাধ্যবাধকতা বিবেচনায় আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির আহ্বান জানিয়েছেন তারা।
তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন। গত ৫ নভেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছিলেন, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় শেখ হাসিনার জন্য কোনো সাধারণ পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস দেওয়া হবে না। ভারত-বাংলাদেশ বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রীর বক্তব্য অনুযায়ী, পলাতক আসামিকে দেশে ফেরানোর ক্ষেত্রে পাসপোর্ট ইস্যু নয়, বরং দুই দেশের মধ্যে বিচারিক ও প্রত্যর্পণ প্রক্রিয়াই প্রযোজ্য।
এর আগে গত ডিসেম্বরে রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, দেশে ফেরার তারিখ নির্ধারণের আগে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান তারা।
বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। দলটির অনেক জ্যেষ্ঠ নেতা ভারতে অবস্থান করছেন। অন্যদিকে কেউ কেউ দেশের বাইরে আত্মগোপনে এবং অনেকে কারাগারে রয়েছেন।
এদিকে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান পরিচালনার নির্দেশ দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদনের বিষয়ে জানতে রয়টার্স দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার এবং ঢাকায় প্রধানমন্ত্রীর মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করলেও প্রতিবেদন প্রকাশের সময় তাদের বক্তব্য পাওয়া যায়নি।
রয়টার্সের বিশ্লেষণে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে বর্তমান সরকার। এমন সময়ে শেখ হাসিনার প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে। একই সঙ্গে তার দেশে ফেরার বিষয়টি বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন কমানোর ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে।
এফ/ডি