[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সরকারি বাসায় অবৈধ ভাড়াটেদের বিরুদ্ধে অভিযান, বাতিল হতে পারে বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২৬ ২:০৬ এএম

সংগৃহীত ছবি

সরকারি আবাসিক ভবনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দা রাখার অভিযোগে এবার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে সরকারি আবাসন পরিদপ্তর।

নির্ধারিত সময়ের মধ্যে বাসা ছেড়ে না যাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান পরিচালনার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বরাদ্দ বাতিলের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

আবাসন পরিদপ্তর সূত্রে জানা গেছে, সরকারি বাসায় এখনো কারা ভাড়া কিংবা সাবলেট হিসেবে বসবাস করছেন, তা চিহ্নিত করতে মাঠপর্যায়ে অনুসন্ধান চলছে।

তবে বরাদ্দ বাতিলের মতো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট বরাদ্দপ্রাপ্তদের বক্তব্য শোনার সুযোগ দেওয়া হবে।

বাসিন্দারা কেন নির্ধারিত সময়ের মধ্যে বাসা ছাড়েননি, তার ব্যাখ্যা চাওয়া হতে পারে। গ্রহণযোগ্য কারণ দেখাতে না পারলে বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত আসতে পারে।

এদিকে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি যাচাই করতে ঢাকার বিভিন্ন সরকারি আবাসিক এলাকায় পাঁচটি তদন্ত দল কাজ করছে।

দলগুলো সরেজমিনে পরিদর্শন করে কোন কোন ফ্ল্যাট থেকে ভাড়াটেরা চলে গেছেন এবং কোথায় এখনো অবস্থান করছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করছে।

কয়েকটি এলাকার তথ্য ইতোমধ্যে পাওয়া গেলেও পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরির কাজ চলছে।

পরিদপ্তর সূত্রের ভাষ্য, তদন্ত কার্যক্রম শেষ করে তালিকা চূড়ান্ত হওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

যেসব সরকারি ফ্ল্যাটে বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীর পরিবর্তে অন্য ব্যক্তিরা ভাড়া বা সাবলেট হিসেবে থাকছেন, সেসব বাসা উচ্ছেদ অভিযানের আওতায় আসতে পারে।

উল্লেখ্য, সরকারি আবাসনে বরাদ্দ পাওয়া ফ্ল্যাটে প্রকৃত বরাদ্দপ্রাপ্তদের বসবাস না করে অন্যদের ভাড়া দেওয়ার অভিযোগ দীর্ঘদিনের।

এ ধরনের অনিয়ম বন্ধ করতে গত ২৯ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে সরকারি আবাসন পরিদপ্তর।

বিজ্ঞপ্তিতে ৩১ অক্টোবরের মধ্যে সরকারি বাসায় থাকা সব ভাড়াটে ও সাবলেট বাসিন্দাকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

নির্দেশনায় আরও বলা হয়, যে সরকারি কর্মকর্তা বা কর্মচারীর নামে আবাসন বরাদ্দ দেওয়া হয়েছে, তাঁকেই সংশ্লিষ্ট বাসায় বসবাস করতে হবে।

নির্ধারিত সময় পার হওয়ার পরও কোনো ফ্ল্যাটে ভাড়াটে বা সাবলেট বাসিন্দার উপস্থিতি পাওয়া গেলে বরাদ্দ বাতিলসহ বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

এ/এইচ/টি

সম্পর্কিত খবর