[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

সরকারি সেবায় হয়রানি বন্ধে কর্মকর্তাদের নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৬ ১১:৩৮ পিএম

সংগৃহীত ছবি

সরকারি দপ্তরে সেবা নিতে এসে কোনো নাগরিক যাতে ভোগান্তি বা হয়রানির মুখে না পড়েন, সে বিষয়ে প্রশাসনের কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

একই সঙ্গে নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, পেশাগত দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন তিনি।

 

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় সাভারে বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) মিলনায়তনে ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

 

তারেক রহমান বলেন, সরকারি কর্মকর্তাদের কাছ থেকে সাধারণ মানুষ কেবল নিয়ম অনুযায়ী কাজ নয়, আন্তরিক ও মানবিক আচরণও প্রত্যাশা করেন। তাই নাগরিকদের সেবা দিতে গিয়ে কোনো ধরনের হয়রানি যেন না হয়, তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

 

তিনি বলেন, দক্ষতা, সততা ও মানবিক মূল্যবোধ একটি কার্যকর জনপ্রশাসনের প্রধান ভিত্তি। এসব গুণ একজন কর্মকর্তার ব্যক্তিগত মর্যাদা বাড়ানোর পাশাপাশি রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকেও শক্তিশালী করে।

 

প্রশিক্ষণ শেষে কর্মজীবনে প্রবেশ করতে যাওয়া কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে কাজে লাগাতে হবে। ক্যাডার বা কর্মস্থল ভিন্ন হলেও সবার প্রধান পরিচয় জনপ্রশাসনের কর্মকর্তা। আর তাদের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের কল্যাণে কাজ করা।

 

নাগরিকের আবেদনপত্রে কোনো ভুল থাকলে শুধু তা দেখিয়ে ফিরিয়ে না দিয়ে কীভাবে সংশোধন করতে হবে, সে বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার পরামর্শ দেন তিনি। তার মতে, এ ধরনের সহযোগিতামূলক মনোভাবই একজন কর্মকর্তার মানবিকতা ও পেশাদারিত্বের পরিচয়।

 

প্রধানমন্ত্রী আরও বলেন, সরকারি দায়িত্ব পালনে আইন ও বিধিবিধান মেনে চলার পাশাপাশি সেবাগ্রহীতাদের সঙ্গে সম্মানজনক আচরণ নিশ্চিত করতে হবে। প্রশাসনের কাজে অযথা বিলম্ব কমিয়ে সেবাকে আরও সহজ ও জনবান্ধব করতে নবীন কর্মকর্তাদের উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।

 

পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দের চেয়ে সততা ও পেশাগত যোগ্যতাকে প্রাধান্য দেওয়ার কথাও বলেন প্রধানমন্ত্রী। দেশের যেকোনো স্থানে দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে উল্লেখ করে তিনি বলেন, সরকারি কোনো পদই স্থায়ী নয়। তাই দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা জরুরি।

 

প্রশাসনের রাজনৈতিক নিরপেক্ষতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, কর্মকর্তাদের ব্যক্তিগত রাজনৈতিক পছন্দ থাকতে পারে। তবে তার প্রভাব সরকারি দায়িত্ব পালনে পড়া উচিত নয়; রাজনৈতিক মতের প্রকাশ ঘটবে ভোটের মাধ্যমে, সরকারি কার্যালয়ে নয়।

 

তিনি আরও বলেন, নির্বাচনে জনগণ যে ইশতেহারের পক্ষে রায় দিয়েছে, সেটি বাস্তবায়নে প্রশাসনের কর্মকর্তাদের আন্তরিকভাবে কাজ করতে হবে।

 

পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী ঘরবাড়ি, অফিস-আদালত ও আশপাশের স্থান পরিষ্কার রাখার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

 

অনুষ্ঠানে চার মাসব্যাপী ৮১তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সে অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্য থেকে সেরা ১০ জনের হাতে সনদ তুলে দেন প্রধানমন্ত্রী।

 

এ সময় প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফ/ডি

সম্পর্কিত খবর