দেশের পোশাকশিল্পে শ্রমিকদের মধ্যে চলমান অসন্তোষ ও অস্থিরতা বর্তমানে পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার (৭ নভেম্বর) সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, সাময়িক কয়েক দিনের পরিস্থিতি দেখে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা সাধারণত বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেন না। বিনিয়োগের ক্ষেত্রে জ্বালানি সরবরাহের নিশ্চয়তা, ব্যবসা পরিচালনার পরিবেশ, বিরোধ নিষ্পত্তির ব্যবস্থা এবং নীতিগত স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
সীমান্ত হাট পুনরায় চালু এবং স্থলবন্দরগুলোর সক্ষমতা পুরোপুরি কাজে লাগানোর বিষয়ে তিনি বলেন, এসব কার্যক্রম বাস্তবায়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশ ও সংশ্লিষ্ট প্রতিবেশী দেশের যৌথ উদ্যোগের মাধ্যমেই সীমান্ত হাট চালু এবং স্থলবন্দরগুলোর কার্যক্রম সম্প্রসারণ করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এতে সংসদ সদস্য এমএ মালিক, অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, তাহসিনা রুশদির লুনা, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমানসহ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি, সিলেট ওয়াসার চেয়ারম্যান, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, জেলা পরিষদের প্রশাসক এবং জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।
এফ/ডি