[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা, বিকেলে শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৬ ৯:১৭ এএম

সংগৃহীত ছবি

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)

 প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

​শনিবার (৭ নভেম্বর) সকাল ৮টার পর তারেক রহমানের নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের সমাধি জিয়ারত করেন। এরপর সেখানে ফাতিহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিয়ে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনা করা হয়।

​দিবসটি উদযাপনে রাজধানীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বিএনপি। এদিন বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রাটি শুরু হবে। প্রধানমন্ত্রী ও বিএনপি প্রধান তারেক রহমান এতে হেঁটে অংশ নেবেন।

​দলীয় সূত্রে জানা গেছে, নয়াপল্টন থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করবে এই শোভাযাত্রা। র‍্যালিটি শেষ হবে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে।

​বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, নয়াপল্টন থেকে যাত্রা শুরু করে শোভাযাত্রাটি কাকরাইলে প্রধান বিচারপতির বাসভবন এবং হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় অতিক্রম করবে। এরপর বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছাবে।

​প্রধানমন্ত্রী তারেক রহমানের সশরীরে উপস্থিতি ঘিরে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ- উদ্দীপনা সৃষ্টি হয়েছে। এই আয়োজন সফল করতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠন ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে।

এইচ/এম

সম্পর্কিত খবর