দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা এবং পলায়নের অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদসহ পুলিশের আট কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ, ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জী, লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ, রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমান, ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিন ও মনিরুজ্জামান সরকার, নৌ পুলিশের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছান এবং বরিশালের সহকারী পুলিশ কমিশনার কাজী মিজানুর রহমান।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, হারুন অর রশীদের বিরুদ্ধে পলায়নের অভিযোগ আনা হয়। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০২৪ সালের ৬ আগস্ট থেকে তার বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
একই অভিযোগে ট্যুরিস্ট পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জীকে ২০২৫ সালের ২২ জানুয়ারি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি বর্তমানে সাময়িক বরখাস্ত অবস্থায় রাজশাহীতে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত রয়েছেন।
ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার ফারহানা তাসকিনের বিরুদ্ধে পলায়নের অভিযোগে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে কানাডায় অবস্থানরত এই কর্মকর্তার বরখাস্তের আদেশ ২০১৮ সালের ২৮ মার্চ থেকে কার্যকর বলে জানানো হয়েছে।
অন্যদিকে, অসদাচরণ ও পলায়নের অভিযোগে ডিএমপির সাবেক সহকারী পুলিশ কমিশনার মো. মনিরুজ্জামান সরকারকে বরখাস্ত করা হয়েছে। তার ক্ষেত্রে ২০১৯ সালের ১ জুলাই থেকে আদেশ কার্যকর হবে। নৌ পুলিশের টাঙ্গাইল অঞ্চলের সাবেক অতিরিক্ত পুলিশ সুপার এস এম জাহাঙ্গীর হাছানের বরখাস্তের আদেশ কার্যকর হয়েছে ২০২৪ সালের ২৩ অক্টোবর থেকে।
লক্ষ্মীপুরের সাবেক পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ ২০২৪ সালের ২ নভেম্বর থেকে ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটিতে যান। ছুটি শেষে ১৭ নভেম্বর তার কর্মস্থলে ফেরার কথা থাকলেও তিনি যোগদান করেননি। এ বিষয়ে কর্তৃপক্ষ দুই দফা কারণ দর্শানোর নোটিশ দিলেও কোনো জবাব পাওয়া যায়নি। পরে রাষ্ট্রপতির অনুমোদন নিয়ে ওই বছরের ১৭ নভেম্বর থেকে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজশাহী রেঞ্জের সাবেক ডিআইজি মো. আনিসুর রহমানের বিরুদ্ধেও কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ ওঠে। ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি অসুস্থতার কথা জানিয়ে তিনি একটি প্রতিবেদন জমা দেন। তবে সেখানে ছুটির সময়কাল, ধরন ও অবস্থান সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ছিল না। এ ছাড়া অসুস্থতার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্রও জমা দেননি তিনি।
নৌ পুলিশ সদর দপ্তর থেকে একাধিকবার যোগাযোগ ও নোটিশ পাঠানোর পরও কর্মস্থলে যোগদান কিংবা প্রয়োজনীয় প্রতিবেদন জমা না দেওয়ায় ২০২৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে তাকে চাকরিচ্যুত করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুসরণ করে বিভাগীয় তদন্ত ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এফ/ডি