[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

দেশে ভ্যাকসিন উৎপাদন কারখানা গড়তে জাপানের সহায়তা চান প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ৯:৫৫ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে সংক্রামক রোগ প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদনের কারখানা স্থাপনে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ বিষয়ে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে জাপানের নিপ্পন ফাউন্ডেশন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের অনারারি চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে আলোচনা করেছেন তিনি।


সোমবার (২৬ অক্টোবর) জাপানের রাজধানী টোকিওর মেইজি কিনেনকানের হানাগাসুমি রেস্তোরাঁয় ইয়োহেই সাসাকাওয়ার আমন্ত্রণে আয়োজিত এক নৈশভোজে অংশ নেন প্রধানমন্ত্রী।


এ সময় গত সেপ্টেম্বরে ঢাকায় ইয়োহেই সাসাকাওয়ার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ তুলে ধরেন তারেক রহমান। বাংলাদেশের মানবিক সহায়তা, শিক্ষা এবং জনস্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে অবদান রাখার জন্য সাসাকাওয়াকে ধন্যবাদ জানান তিনি।


নৈশভোজে বাংলাদেশের সংক্রামক রোগ নিয়ন্ত্রণে নিজস্ব ভ্যাকসিন উৎপাদন সক্ষমতা গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়। এ লক্ষ্যে দেশে একটি ভ্যাকসিন কারখানা স্থাপনে জাপানের সম্ভাব্য সহযোগিতার বিষয়টিও গুরুত্ব পায়।


অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর উপস্থিত ছিলেন।


এ ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান এবং প্রটোকল অফিসার-২ কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নৈশভোজে যোগ দেন।


জাপানের নিপ্পন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক তাকাশি আরিকাওয়াসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনুষ্ঠানে অংশ নেন।


এর আগে গত সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন ইয়োহেই সাসাকাওয়া।

এসআর

সম্পর্কিত খবর