[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

জাপানি বিনিয়োগ আকর্ষণে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ার আশ্বাস প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ৭:৫৬ পিএম

সংগৃহীত ছবি

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, নীতিগত সংস্কার এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের মাধ্যমে বিদেশি উদ্যোক্তাদের জন্য নতুন সুযোগ তৈরিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তিনি।

 

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন মাসুমি কাকিনোকি। তাঁর মতে, চুক্তিটি বাস্তবায়িত হলে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও বিস্তৃত হবে। পাশাপাশি জাপানি বিনিয়োগ বাড়ানো এবং নতুন ব্যবসায়িক ক্ষেত্র তৈরির সুযোগ সৃষ্টি হবে।

 

প্রধানমন্ত্রী বাংলাদেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি), নবায়নযোগ্য জ্বালানি এবং আধুনিক উৎপাদনশিল্পে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান। এসব খাতে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের পাশাপাশি সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমেও বড় ধরনের বিনিয়োগের সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

 

এ সময় কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) আধুনিকায়নে জাপানের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। পাশাপাশি দেশে দ্বিতীয় একটি সার কারখানা স্থাপনের সম্ভাবনা যাচাইয়েও জাপানের সহায়তা কামনা করেন তিনি।

 

তারেক রহমান বলেন, বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। বিনিয়োগের অনুমোদনপ্রক্রিয়া সহজ করা, নিয়ন্ত্রক ব্যবস্থার উন্নয়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের পরিধি বাড়ানোর মাধ্যমে জাপানি প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যবসার সুযোগ সম্প্রসারণ করা হচ্ছে।

 

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

 

এ ছাড়া প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বৈঠকে অংশ নেন।

 

এর আগে গত ১১ অক্টোবর মারুবেনি করপোরেশনের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাসায়ুকি ওমোতোর নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।

 

সেই আলোচনায় তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, সার ও জ্বালানি খাতে বাংলাদেশের সঙ্গে মারুবেনি করপোরেশনের সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে বাংলাদেশে জাপানি বিনিয়োগ সম্প্রসারণের বিষয়টিও গুরুত্ব পায়।

এসআর

সম্পর্কিত খবর