[email protected] শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
৩০ কার্তিক ১৪৩৩

নিয়ম ভঙ্গকারীদের জন্য কঠোর সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬ ৮:৫৯ এএম

সংগৃহীত ছবি

মুক্তিযুদ্ধবিষয়ক সাবেক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগের ঘটনাকে নিয়ম

 ভঙ্গকারীদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের এক কঠোর বার্তা হিসেবে দেখছেন দেশের বিশিষ্ট নাগরিক ও রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আইন ও নীতি-নৈতিকতার প্রশ্নে প্রধানমন্ত্রী এই সিদ্ধান্তের মাধ্যমে একটি শক্ত অবস্থান ব্যক্ত করেছেন। এতে স্পষ্ট বার্তা যায় যে—মন্ত্রী, সংসদ সদস্য কিংবা জনপ্রতিনিধি—ক্ষমতাশালী যিনিই হোন না কেন, আইন অমান্য করলে তাকে জবাবদিহির মুখোমুখি হতে হবে।

​সম্প্রতি যুগান্তরকে দেওয়া প্রতিক্রিয়ায় দেশের বিশিষ্টজনেরা এই অভিমত ব্যক্ত করেন। তবে অন্য এক বিশ্লেষকের মতে, উদ্ভূত পরিস্থিতিতে বিব্রতবোধ করায় ক্ষমতাসীন দল ইশরাককে পদত্যাগে বাধ্য করেছে।

​ঘটনার সূত্রপাত রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায়, যেখানে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেন তৎকালীন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। অভিযানে তার সহযোগীদের হাতেও অস্ত্র দেখা যায়। একজন প্রতিমন্ত্রীর এভাবে অস্ত্র নিয়ে অভিযানে নামাকে অনুচিত বলে আখ্যা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ইমেরিটাস অধ্যাপক ড. আনোয়ারউল্লাহ চৌধুরী। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার উদ্দেশ্য প্রশংসনীয় হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার কোনো সুযোগ নেই। অস্ত্রের লাইসেন্স থাকলেও জনসম্মুখে একজন প্রতিনিধি বা মন্ত্রীর পিস্তল উঁচিয়ে ধরা সমীচীন নয়। আইন অমান্য করে নেওয়া যেকোনো পদক্ষেপের পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যক্তিকেই বহন করতে হবে।

​প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের এই ঘটনাকে 'বাড়াবাড়ি' হিসেবে উল্লেখ করে রাজনৈতিক বিশ্লেষক ও গবেষক মহিউদ্দিন আহমদ বলেন, ইশরাকের পদত্যাগের ফলে মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যদের মধ্যে একটি কড়া বার্তা গেছে। ভবিষ্যতে সকলে নিজের আচরণের বিষয়ে আরও সতর্ক হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

​এদিকে, পদত্যাগের সময়ে ইশরাক হোসেনের আচরণ ও মন্তব্য সরকার এবং ক্ষমতাসীন দলকে এক ধরনের অগ্নিপরীক্ষার মুখে দাঁড় করিয়েছে বলে মনে করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। তিনি বলেন, যে ধরনের বিশৃঙ্খলা ও অগ্রহণযোগ্য আচরণের জন্য তাকে পদত্যাগ করতে হলো, পদত্যাগের পরই প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের সেই কর্মকাণ্ডের স্বপক্ষে যুক্তি দিয়েছেন ইশরাক। পাশাপাশি কর্মীদের নিয়ে শোডাউন করেছেন, যা সাধারণ মানুষের মনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিদ্যমান উদ্বেগকে আরও উসকে দিয়েছে। পরিস্থিতিটি কেবল পুলিশের জন্যই নয়, বরং সরকার ও সরকারি দলের জন্য বড় পরীক্ষার বিষয়।

​উল্লেখ্য, সোমবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন। সেখানে তিনি নিজের অস্ত্রসহ অভিযানের সপক্ষে সাফাই গান এবং ভবিষ্যতে মাদকের বিরুদ্ধে সোচ্চার থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

​ইশরাকের সরকারি প্রটোকল নিয়ে অভিযান চালানো ও পদত্যাগের বিষয়ে ড. ইফতেখারুজ্জামান আরও জানান, এখানে আইনের বহুমাত্রিক লঙ্ঘন ঘটেছে। একজন উচ্চপর্যায়ের জনপ্রতিনিধি আইন নিজের হাতে তুলে ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিচারহীন সহিংসতার প্রদর্শন ঘটিয়ে পুলিশ বাহিনীর প্রতি চরম আস্থাহীনতা প্রকাশ করেছেন। এটি আইনের শাসনের প্রতি চরম আঘাত এবং দল ও সরকারের জন্য একটি বিব্রতকর দৃষ্টান্ত। তাই শুধুমাত্র পদত্যাগই যথেষ্ট নয়; দৃষ্টান্তমূলক জবাবদিহিতা নিশ্চিত না করা গেলে সরকারকে সামনে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।

​তবে প্রধানমন্ত্রীর এই কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়ে অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী বলেন, এ সিদ্ধান্ত প্রমাণ করে প্রধানমন্ত্রী একটি সন্ত্রাসমুক্ত ও সুশাসিত সমাজ গঠনে সংকল্পবদ্ধ। আইন হাতে তুলে নেওয়া বা অন্যায়ে জড়ালে দলীয় পরিচয় বিবেচনা না করে ব্যবস্থা নেওয়াই প্রকৃত আইনের শাসন। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টিকে ঘিরে নেওয়া পূর্ববর্তী পদক্ষেপের কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, বাংলাদেশকে একটি সভ্য, মানবিক, জ্ঞানভিত্তিক ও উদার গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে হলে এ জাতীয় জিরো-টলারেন্স নীতি বজায় রাখতে হবে।

​রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ আরও যোগ করেন, কেবল খুচরা মাদকসেবী বা বিক্রেতাদের গ্রেপ্তার করে জামিনে ছেড়ে দিলে মাদকের মূল উৎপাটন সম্ভব নয়। অভিযানের নামে চুনোপুঁটি না ধরে মাদক ব্যবসার পেছনে থাকা মূল হোতা ও অর্থদাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনাই এখন সরকারের প্রধান দায়িত্ব হওয়া উচিত।

এসআর

সম্পর্কিত খবর