চলমান শারদীয় দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে এবং ঢাকার বাইরের পূজামণ্ডপ
পরিদর্শনে রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে তিনি তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে প্রথমে রংপুরের উদ্দেশে রওনা হবেন। এটিই প্রথম কোনো সরকারপ্রধানের ঢাকার বাইরে গিয়ে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনের ঘটনা। সফরজুড়ে তিনি পূজারীদের সাথে সরাসরি শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।
সফরসূচি অনুযায়ী, সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি রংপুরের ধর্মসভা বা রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনে যাবেন। সেখান থেকে বিমানে রাজশাহীর হযরত শাহ মখদুম (রহ.) বিমানবন্দরে অবতরণ করে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। এরপর রাজশাহী সার্কিট হাউসে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে দুপুর ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন।
রাজশাহী সফর শেষে বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের ঐতিহ্যবাহী জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন। পরে চট্টগ্রাম সার্কিট হাউসে কিছু সময় বিশ্রাম নিয়ে ওই দিন রাতেই বিমানে করে ঢাকায় ফিরবেন তিনি।
এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী মহাখালী ও বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেছিলেন, সে সময় তার সঙ্গে ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মঙ্গলবার উদযাপিত হচ্ছে দুর্গাপূজার মহানবমী এবং বুধবার প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এ শারদীয় উৎসব।
এসআর