ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর রাজউক উত্তরা মডেল কলেজে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ডেঙ্গুর বিস্তার, চিকিৎসাসেবার মান এবং পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণে এদিন রাজধানীর কয়েকটি হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনা পরিদর্শন করেন তিনি।
সকালে প্রধানমন্ত্রী প্রথমে কুয়েত-বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে যান। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের চিকিৎসার খোঁজ নেন। পাশাপাশি হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), অস্ত্রোপচারকক্ষসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
হাসপাতালের ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতা পরিস্থিতি নিয়ে অসন্তোষ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাত দিনের মধ্যে উন্নতি নিশ্চিত করার সময়সীমা দেন প্রধানমন্ত্রী।
পরে রাজউক উত্তরা মডেল কলেজে গিয়ে শিক্ষক, শিক্ষার্থী, বিএনসিসি ও স্কাউট সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
প্রতিরোধই ডেঙ্গু মোকাবিলার প্রধান উপায়
প্রধানমন্ত্রী বলেন, বছরের এই সময়ে, বিশেষ করে নভেম্বর পর্যন্ত ডেঙ্গুর সংক্রমণ বাড়ার আশঙ্কা থাকে। প্রতিবছর এ রোগে বহু মানুষ আক্রান্ত হন এবং প্রাণহানির ঘটনাও ঘটে। তাই ডেঙ্গু মোকাবিলায় রোগ ছড়িয়ে পড়ার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া জরুরি।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের চারপাশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। দেশের বিপুলসংখ্যক তরুণ এ কাজে যুক্ত হলে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
ঢাকার পরিচ্ছন্নতা ব্যবস্থার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বিপুল জনসংখ্যার এই মহানগর পরিষ্কার রাখা সিটি করপোরেশনের একার পক্ষে কঠিন। পরিচ্ছন্নতাকর্মীরা কাজ করলেও নানা সীমাবদ্ধতা রয়েছে। তাই নগর পরিচ্ছন্ন রাখতে নাগরিকদেরও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, স্কাউট, গার্ল গাইড কিংবা রেড ক্রিসেন্টের সঙ্গে যুক্ত থাকা না-থাকার বিষয়টি গুরুত্বপূর্ণ নয়; প্রত্যেক নাগরিকেরই নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান ও আশপাশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব রয়েছে।
যত্রতত্র বর্জ্য ফেলা বন্ধে সচেতনতার তাগিদ
নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও ময়লা না ফেলতে মানুষকে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। কেউ যত্রতত্র বর্জ্য ফেললে তাঁকে সচেতন করার জন্যও নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী জানান, নগরীর বিভিন্ন স্থানে বর্জ্য ফেলার জন্য ডাস্টবিন বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু কিছু জায়গায় ডাস্টবিন চুরি হয়ে যাচ্ছে। একইভাবে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের লাগানো গাছের চারাও চুরির ঘটনা ঘটছে। এসব অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড ঠেকাতে নাগরিকদের সচেতনতা ও দায়িত্ববোধ বাড়ানোর প্রয়োজন রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জন্মদিনে গাছ লাগানোর পরামর্শ
পরিবেশের ভারসাম্য রক্ষা ও নগরীর তাপমাত্রা কমাতে শিক্ষার্থীদের গাছ লাগানোর অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজের কিংবা পরিবারের সদস্যদের জন্মদিনে অন্তত একটি করে গাছ লাগানোর উদ্যোগ নিতে বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বাড়ি, স্কুল কিংবা গ্রামের বাড়িতে গাছ লাগানো যেতে পারে। গাছ বড় হওয়ার সঙ্গে সঙ্গে পরিবেশও উপকৃত হবে।
ঢাকায় সবুজের পরিমাণ কমে যাওয়ার বিষয়টি তুলে ধরে তিনি নিজের শৈশবের স্মৃতির কথা উল্লেখ করেন। তাঁর ভাষ্য অনুযায়ী, একসময় রাজধানীতে গাছপালা ও খোলা জায়গা বেশি ছিল। বর্তমানে বহুতল ভবন বৃদ্ধি এবং সবুজ কমে যাওয়ার কারণে শহরে গরমের অনুভূতিও বেড়েছে।
বেশি গাছ লাগানো হলে নগরীর তাপমাত্রা কমাতে এবং নির্মল পরিবেশ গড়ে তুলতে সহায়তা মিলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ ও সবুজায়নে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগেই একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য নগর গড়ে তোলা সম্ভব। এ কাজে শিক্ষার্থীদের সহযোগিতা চান তিনি।
এসআর