[email protected] বৃহঃস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ ভাদ্র ১৪৩৩

কেন্দ্রীয় শ্রমিক দলের সভাপতির স্বাক্ষর জাল করে বিআইডব্লিউটিএ শ্রমিক দলের কমিটি: জরুরি বিজ্ঞপ্তি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ সেপ্টেম্বর ২০২৬ ৮:৩৮ পিএম

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জাতীয়তাবাদী শ্রমিক দলের ২৭ সদস্যের কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।

গত ২৬ আগস্ট মো. মাজহারুল ইসলামকে সভাপতি এবং মো. মাইনউদ্দিনকে সাধারণ সম্পাদক করে ঘোষিত ওই কমিটির অনুমোদনপত্রে নিজের স্বাক্ষর থাকার বিষয়টি অস্বীকার করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন।

এ বিষয়ে ১ সেপ্টেম্বর একটি জরুরি বিজ্ঞপ্তি জারি করে কমিটিটি অনুমোদনের কাগজে থাকা স্বাক্ষরকে ‘কারসাজি করা’ ও ‘কম্পিউটারে তৈরি’ বলে দাবি করেছেন তিনি। একই সঙ্গে ওই স্বাক্ষর বাতিল হিসেবে গণ্য হবে এবং তা ব্যবহার করে তৈরি কোনো নথি কার্যকর হবে না বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।

এর আগে গত ২৬ আগস্ট মো. মাজহারুল ইসলামকে সভাপতি ও মো. মাইনউদ্দিনকে সাধারণ সম্পাদক করে বিআইডব্লিউটিএ জাতীয়তাবাদী শ্রমিক দলের ২৭ সদস্যের কমিটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন ও সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম কমিটিটি অনুমোদন করেছেন।

তবে পরবর্তীতে ওই কমিটির অনুমোদনপত্রে নিজের স্বাক্ষর থাকার বিষয়টি অস্বীকার করেন কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন।

জরুরি বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘বিআইডব্লিউটিএ জাতীয়তাবাদী শ্রমিক দলের কমিটির জন্য তৈরি করা একটি কাগজ দেখলাম। উক্ত কাগজে আমার যে স্বাক্ষর দেখানো হয়েছে, তা সঠিক নয়। উক্ত স্বাক্ষরটি আমি করি নাই। ইহা কম্পিউটারে করা স্বাক্ষর। এটা একটি কারসাজি করা স্বাক্ষর। উক্ত স্বাক্ষরটি অসৎ উদ্দেশ্যে নিয়ে সৃষ্টি করা হয়েছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই স্বাক্ষর বাতিল হিসেবে পরিগণিত হবে। ওই স্বাক্ষর ব্যবহার করে পরবর্তীতে যেসব নথি বা কার্যক্রম তৈরি করা হবে, সেগুলো কার্যকর হবে না।

জরুরি বিজ্ঞপ্তিটির অনুলিপি বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, শ্রম অধিদপ্তরের মহাপরিচালক এবং মতিঝিল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

পাশাপাশি নোটিশ বোর্ডে বিজ্ঞপ্তিটি সংরক্ষণের নির্দেশনাও দেওয়া হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি আনোয়ার হোসাইন প্রতিদিনের বাংলাকে বলেন, ‘কমিটি জারি করা স্বাক্ষরটি আমার না। এটা কম্পিউটারাইজড।’

এদিকে কেন্দ্রীয় সভাপতির এমন বিজ্ঞপ্তি প্রকাশের পর বিআইডব্লিউটিএতে বিষয়টি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কমিটি গঠন ও অনুমোদনপত্রের স্বাক্ষর নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

এসআর

সম্পর্কিত খবর