দেশের সড়ক পরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও নিরাপদ করতে সব ধরনের গণপরিবহণে জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) ডিভাইস স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
আগামী ১ আগস্ট থেকে এ নির্দেশনা কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার (১৫ জুন) প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে বিআরটিএ জানায়, সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের সাম্প্রতিক প্রজ্ঞাপনের আলোকে এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে।
এর মাধ্যমে যানবাহনের অবস্থান ও চলাচল পর্যবেক্ষণ সহজ হবে এবং সড়ক নিরাপত্তা ব্যবস্থাপনা আরও কার্যকর করা সম্ভব হবে।
সংস্থাটি জানিয়েছে, জিপিএস ডিভাইস শুধু স্থাপন করলেই হবে না, তা সবসময় সচল রাখতেও হবে।
এ বিষয়ে প্রয়োজনীয় কারিগরি নির্দেশনা ও স্পেসিফিকেশন বিআরটিএর আঞ্চলিক কার্যালয় অথবা সংস্থার ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।
বিআরটিএ আরও উল্লেখ করেছে, সড়ক পরিবহণ আইন ২০১৮ এবং সড়ক পরিবহণ বিধিমালা ২০২২-এর সংশ্লিষ্ট বিধান অনুযায়ী গণপরিবহণে জিপিএস সংযোজন নিশ্চিত হওয়ার পরই যানবাহনের নিবন্ধন ও ফিটনেস সনদ প্রদান কিংবা নবায়নের কার্যক্রম সম্পন্ন করা হবে।
নতুন এ উদ্যোগ সফল করতে পরিবহণ মালিক, চালক এবং সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা কামনা করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সংশ্লিষ্টদের মতে, জিপিএস ব্যবস্থার মাধ্যমে গণপরিবহণ খাতে নজরদারি ও জবাবদিহিতা আরও বৃদ্ধি পাবে।
এসআর