[email protected] শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
৪ বৈশাখ ১৪৩৩

বৈশ্বিক সংকট মোকাবিলায় সরকারি ব্যয়ে কাটছাঁট, ৯ খাতে নতুন নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬ ৫:৩৫ পিএম

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব সামাল দিতে সরকারের পরিচালন ব্যয় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে ৯টি খাতে ব্যয় সংকোচন করে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে।

সম্প্রতি জারি করা এ পরিপত্র দেশের সব সচিব, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক (ডিসি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো হয়েছে।


এর আগে ২ এপ্রিল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ব্যয় নিয়ন্ত্রণে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সেই সিদ্ধান্তের ধারাবাহিকতায় আনুষ্ঠানিকভাবে এই নির্দেশনা কার্যকর করা হয়েছে।


পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব নির্দেশনা বহাল থাকবে বলে পরিপত্রে উল্লেখ করা হয়েছে।


ব্যয় কমানোর প্রধান নির্দেশনাগুলো হলো: সরকারি যানবাহনে জ্বালানি ব্যবহারে ৩০ শতাংশ সাশ্রয় করতে হবে।


কর্মকর্তাদের জন্য গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ ও সরকারি অর্থায়নে বিদেশ প্রশিক্ষণ আপাতত বন্ধ থাকবে।
অভ্যন্তরীণ প্রশিক্ষণের ব্যয় (প্রশিক্ষণ ফি ছাড়া) অর্ধেকে নামিয়ে আনতে হবে।


সভা-সেমিনারে আপ্যায়ন ব্যয় ৫০ শতাংশ এবং সম্মেলন ব্যয় ২০ শতাংশ কমাতে হবে।
ভ্রমণ ব্যয় ৩০ শতাংশ হ্রাস করতে হবে।


নতুন করে সরকারি খাতে যানবাহন, নৌযান, উড়োজাহাজ ও কম্পিউটার কেনা পুরোপুরি স্থগিত থাকবে।


অফিসে বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমাতে হবে।


আবাসিক ভবনের সৌন্দর্যবর্ধন ব্যয় ২০ শতাংশ এবং অনাবাসিক ভবনের ক্ষেত্রে ৫০ শতাংশ কমানো হবে।
ভূমি অধিগ্রহণে নতুন ব্যয় আপাতত বন্ধ রাখা হয়েছে।


সরকার মনে করছে, এসব পদক্ষেপ বাস্তবায়নের মাধ্যমে বৈশ্বিক অর্থনৈতিক চাপ মোকাবিলায় ব্যয় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

এসআর

সম্পর্কিত খবর