রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক অভিযানে সোয়া দুই কোটি টাকারও বেশি মূল্যের রূপার তৈজসপত্র, বিদেশি ওষুধ এবং মদ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। সোমবার (১৩ এপ্রিল) আগত
বিভিন্ন ফ্লাইটের যাত্রীদের ব্যাগেজ তল্লাশি করে এসব পণ্য উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দাদের তথ্য অনুযায়ী, জব্দকৃত মালামালের মোট বাজারমূল্য প্রায় ২ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৩৫৪ টাকা। এর মধ্যে রয়েছে:
রূপার তৈজসপত্র: ৫৪ কেজি (ব্যবহৃত ও ভাঙা অংশ)। বাজারমূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ ৩ হাজার ৭০০ টাকা।
বিদেশি ওষুধ: ২৫ হাজার ৯৩৫ পিস। বাজারমূল্য প্রায় ৬৩ লাখ ৫৫ হাজার ৬৫৪ টাকা।
লিকার (মদ): ১৬ লিটার। বাজারমূল্য প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা।
বিভিন্ন দেশ থেকে আসা ফ্লাইটগুলোতে এই তল্লাশি চালানো হয়:
রোম থেকে আসা ফ্লাইট (BG-356): এই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগেজ থেকে কৌশলে লুকিয়ে রাখা ৫৪ কেজি রূপা উদ্ধার করা হয়।
তুরস্ক থেকে আসা ফ্লাইট (TK-712): স্ক্যানিংয়ের মাধ্যমে এক যাত্রীর ব্যাগেজে আমদানি নিয়ন্ত্রিত ওষুধের উপস্থিতি শনাক্ত করা হয়। পরে সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি ওষুধ জব্দ করা হয়।
কাতার থেকে আসা ফ্লাইট (QR-638): তিনজন যাত্রীর কাছ থেকে ১৬ লিটার বিদেশি লিকার আটক করা হয়।
গুয়াংজু থেকে আসা ফ্লাইট (BG-367): এই ফ্লাইটের দুইজন যাত্রীর কাছ থেকে ১২টি নতুন মোবাইল ফোন ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, আটককৃত সব পণ্য পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।
এক সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে যে, সরকারের রাজস্ব ফাঁকি রোধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ চোরাচালান ও অনিয়মের বিরুদ্ধে এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট যাত্রীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।
এসআর